২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সংবাদ সম্মেলন বাতিল গাভাস্কারের চোখে ‘শাস্তি যোগ্য’

ভারত ম্যাচের আগে পাকিস্তান দলের এমন সিদ্ধান্তের সমালোচনা করে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখার গুরুত্বও তুলে ধরেছেন ভারতীয় ব্যাটিং গ্রেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 04:06 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

এশিয়া কাপে পরপর দুইবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন বাতিল করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান। প্রতিবেশি দেশটির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন সুনিল গাভাস্কার। ভারতের ব্যাটিং গ্রেটের মতে, ‘বাধ্যতামূলক’ সংবাদ সম্মেলন না করা শাস্তি পাওয়ার মতো কাজ।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাত ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করে পাকিস্তান। সেই সময় আলোচনার কেন্দ্রে ছিল ভারত ও পাকিস্তান ম্যাচের ‘করমর্দন কাণ্ড।’যা নিয়ে ক্ষুব্ধ ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

দুবাইয়ে রোববার সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে আবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। রীতি অনুযায়ী, আগের দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তানের কোচ বা খেলোয়াড়দের একজনের দলের প্রতিনিধি হিসেবে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ-পূর্ববর্তী সেই সংবাদ সম্মেলনে করেনি তারা।

যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে নিজের ভাবনা জানান গাভাস্কারও।

“আমি জানি না, এমন সিদ্ধান্তের পেছনের ভাবনা কী, তবে যতদূর জানি, সংবাদ সম্মেলন বাধ্যতামূলক। যদি দলগুলো সেটা না করে, আমি নিশ্চিত নই শাস্তি কী-যদি কোনো শাস্তি থেকে থাকে। তবে এখন সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখা ও বিভিন্ন তথ্য দেওয়া গুরুত্বপূর্ণ।”

সংবাদ মাধ্যমের সঙ্গে দলগুলোর স্বচ্ছতার প্রয়োজনীয়তা দেখছেন গাভাস্কার। এ প্রসঙ্গে বলতে গিয়ে পাকিস্তানকে খোঁচাও মারলেন তিনি।

“গণমাধ্যমের সঙ্গে খোলামেলা যোগাযোগ রাখা এখনও অপরিহার্য। কোনো সূত্র বা গুঞ্জনের উপর নির্ভর না করে, দলগুলোকে তাদের দৃষ্টিভঙ্গি সরাসরি জানানো সবসময়ই ভালো। হয়তো পাকিস্তান মনে করছে, তাদের কিছু জানানোর নেই, সত্যি বলতে, সেটা অবাক করার মতো নয়।”

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন ৭৬ বছর বয়সী গাভাস্কার। বাধ্যতামূলক সংবাদ সম্মেলন না করার পরিণতি কেমন হওয়া উচিত, সেটিরও একটি ধারণা দেন তিনি। 

“হ্যাঁ, মহসিন নাকভি এসিসির প্রধান, তবে তার অধীনে একটা সংস্থা আছে যেখানে ভারত, শ্রীলঙ্কা ও (এশিয়া কাপে) অংশগ্রহণকারী ও অংশগ্রহণ করেনি এমন সদস্য দেশও আছে-যাদের সমন্বয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল গঠিত। আমার জানা মতে, এই ধরণের টুর্নামেন্টের জন্য এসিসির একটি পরিচালনা কমিটি আছে এবং তারা সম্ভবত কী ঘটছে তা জানতে চাইবে।”

“নিয়মে যদি সংবাদ সম্মেলনে যোগদান করা বাধ্যতামূলক করা হয়, তাহলে সম্ভবত সামনে যদি কোনো দল সেটা না করে তাহলে তাদের থেকে পয়েন্ট কাটা যেতে পারে। সামনে এগিয়ে যাওয়ার এটা কার্যকর উপায় হতে পারে।”