Published : 06 Jan 2026, 05:16 PM
বিশ্বজুড়েই ক্রিকেটারদের ইচ্ছে থাকে আইপিএলে খেলার। তানজিম হাসানেরও সেই তাড়না আছে। তবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নতুন করে ভাবার অবকাশ দেখছেন বাংলাদেশের এই পেসার। পরের বার আইপিএলের নিলামে নাম দেওয়ার আগে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করবেন তিনি।
বাংলাদেশের উঠতি পেসারদের মধ্যে সম্ভাবনাময়দের একজন তানজিম। তিন সংস্করণেই বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করেছেন। সবচেয়ে বেশি ৪০টি ম্যাচ খেলেছেন টি-টোয়েন্টি সংস্করণে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আগামী মাসের বিশ্বকাপ দলেও জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী পেসার।
দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে অবশ্য এখনও খেলার সুযোগ হয়নি তার। এবারের আইপিএল নিলামে নাম নিবন্ধন করেছিলেন তিনি। নিলামের প্রাথমিক তালিকায় নাম তোলার পর চূড়ান্ত তালিকাতেও ছিল তার নাম। যেটির মানে, অন্তত কোনো একটি দলের আগ্রহ ছিল তার প্রতি। শেষ পর্যন্ত অবশ্য কোনো দলই সেই আগ্রহ প্রকাশ করেনি নিলামের টেবিলে। তার নাম তাই নিলামে ওঠেইনি।
নিলামে নাম না উঠলেও তার আগ্রহ মরে যায়নি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পরের আসরেও নিলামে নাম লেখাতেন হয়তো নিশ্চিতভাবেই। তবে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর সৃষ্ট পরিস্থিতিতে তার ভাবনার জগতেও পরিবর্তন এসেছে।
বিপিএলে মঙ্গলবার রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শেষে সংবাদ সস্মেলনে সেটিই তুলে ধরলেন আগ্রাসী এই পেসার।
“আইপিএল থেকে উনাকে (মুস্তাফিজ) কেন সরিয়ে দিল বা ইয়ে করল, এটা আসলে আমরা কেউই জানি না। হয়তো পলিটিক্যাল ইস্যু হতে পারে, তবে ক্রিকেটে রাজনীতি না আসাটাই ভালো।”
“আমরা তো চাই… আমরা তো আসলে পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। ক্রিকেটার হিসেবে আইপিএল খেলায় ইচ্ছা থাকে। ওই হিসাবে আমরা নাম দেই (নিলামে)। পরের বছর যদি… এজেন্টের সাথে কথা বলে বা দেশের যারা আছে, তাদের সাথে কথা বলে আমরা বুবঝ নাম দেব বা নাম দেব না।”
ভারতীয় বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশের বোর্ডও পাল্টা সিদ্ধান্ত নিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে তারা আগামী মাসের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।
বিসিবির এমন শক্ত অবস্থানকে সমর্থন করছেন তানজিম।
“এটাই বোর্ডের কাজ আসলে। এখানে বোর্ড অবশ্যই তাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করেছেও, যেটা খুবই প্রশংসাযোগ্য এবং এটাই বোর্ডের কাজ।”