২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-ইংল্যান্ডের ‘অসাধারণ’ সিরিজের পর অ্যাশেজের জন্য মুখিয়ে স্মিথ

ইংলিশদের বিপক্ষে ঐতিহ্যবাহী সিরিজে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান।

ভারত-ইংল্যান্ডের ‘অসাধারণ’ সিরিজের পর অ্যাশেজের জন্য মুখিয়ে স্মিথ
স্টিভেন স্মিথ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 09:53 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ বেশ উপভোগ করেছেন স্টিভেন স্মিথ। এটা তার দেখা সেরা সিরিজগুলোর একটি। ইংলিশদের বিপক্ষে বছরের শেষ দিকে সাদা পোশাকে লড়বে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ঐতিহ্যবাহী অ্যাশেজের অপেক্ষায় যেন তর সইছে দলটির তারকা ব্যাটসম্যান স্মিথের।

ইংল্যান্ডের মাটিতে ভারত যে পারফরম্যান্স করেছে, তা নিয়ে আলোচনা চলছে এখনও। দুই দফায় পিছিয়ে পড়েও পাঁচ টেস্টের সিরিজ ২-২ ড্রয়ে শেষ করেছে ভিরাট কোহলি, রোহিত শার্মা বিহীন সফরকারীরা। প্রতিটি ম্যাচই গড়িয়েছে শেষ দিনে।

দুর্দান্ত সিরিজটি বেশ ভালোভাবে অনুসরণ করেছেন স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের বিশ্বাস, আসছে অ্যাশেজ সিরিজেও এমন জমজমাট লড়াই হবে।

তবে প্যাট কামিন্স, জশ হেইজেলউড ও মিচেল স্টার্কদের নিয়ে গড়া অভিজ্ঞ বোলিং লাইন-আপের বিপক্ষে ইংলিশ ব্যাটসম্যানদের ভুগতে হবে বলেও মনে হচ্ছে স্মিথের। স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে এসব তুলে ধরেন তিনি।

“ভারতের বিপক্ষে (ইংল্যান্ড) সিরিজের অনেকটাই আমি দেখেছি এবং দীর্ঘ দিনের মধ্যে আমার দেখা সেরা টেস্ট সিরিজগুলির মধ্যে একটি। উভয় দলই যে ক্রিকেট খেলেছে তা ছিল অসাধারণ। এই মুহূর্তে ইংল্যান্ডের দল ভালো। তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলছে।”

“আমার মনে হয়, অস্ট্রেলিয়ায় খেলা, বিশেষ করে তাদের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। গত তিন-চার বছরে এখানকার উইকেটগুলো সত্যিই কঠিন ছিল। আমাদের একটি অভিজ্ঞ বোলিং লাইনআপ আছে, যারা দীর্ঘ সময় ধরে খেলছে এবং অত্যন্ত সফল। আমি এটার (অ্যাশেজ সিরিজ) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার মনে হয় দুর্দান্ত একটি সিরিজ হবে।”

পার্থে আগামী ২১ নভেম্বর শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পাঁচ টেস্টের লড়াই। দ্বিতীয়টি ব্রিজবেনে, শুরু ৪ ডিসেম্বর। পরের তিন ম্যাচ শুরু হবে যথাক্রমে ১৭, ২৬ ডিসেম্বর ও ৪ জানুয়ারি; ভেন্যু যথাক্রমে অ্যাডিলেইড, মেলবোর্ন ও সিডনি।