২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে ‘নিউ জিল্যান্ডের অ্যান্ডারসন’

২০২২ সালের পর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা আলি খানকেও দলে রেখেছে বৈশ্বিক আসরের সহ-আয়োজকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2024, 11:33 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

নিউ জিল্যান্ডের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা কোরি অ্যান্ডারসন এবার বৈশ্বিক আসর মাতাবেন যুক্তরাষ্ট্রের জার্সিতে। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র দলে ডাক পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। লম্বা সময় পর দলে ফিরেছেন পেসার আলি খান।

এবারের বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র শুক্রবার এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

কিউইদের হয়ে ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন অ্যান্ডারসন। বিশ্ব ক্রিকেটে ২০১৪ সালের প্রথম দিনে তোলপাড় ফেলে দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কুইন্সটাউনে তাণ্ডব চালিয়ে ১৪ ছক্কায় ১৩১ রানের ইনিংস খেলেন স্রেফ ৪৭ বলে। শাহিদ আফ্রিদির ৩৭ বলের রেকর্ড ভেঙে ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন ৩৬ বলে তিন অঙ্ক ছুঁয়ে। পরে ৩১ বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার সাবেক বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

তাসমান সাগর পাড়ের দেশটির হয়ে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ ও ১০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেন অ্যান্ডারসন। তবে যে সম্ভাবনা নিয়ে শুরু করেছিলেন, তা পূর্ণতা দিতে পারেননি তিনি। ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টিতে থমকে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

নিউ জিল্যান্ডের হয়ে সবশেষ ২০১৮ সালে খেলার দুই বছর পর অ্যান্ডারসন পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে নাগরিকত্বের জন্য তিন বছর বসবাস করার বাধ্যবাধকতা পূরণ করেন গত বছর। মাঝের সময়টায় সেখানকার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়েন তিনি। পরে গত মার্চে প্রথমবারের মতো ডাক পান যুক্তরাষ্ট্রের জাতীয় দলে।

৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন শুরুতে কানাডার বিপক্ষে দুটি ম্যাচ খেলেন অ্যান্ডারসন। যার একটিতে ২৮ ও আরেকটিতে করেন ৫৫ রান। এবার তাকে বিশ্বকাপের দলেও রাখল যুক্তরাষ্ট্র।

২০২২ সালের জুলাইয়ের পর আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি আলি খান। তবে তার সিপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টির মতো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতার কথা ভেবে তাকে দলে ফিরিয়েছে যুক্তরাষ্ট্র।

ডাক পেয়েছেন টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা পাকিস্তানি বংশোদ্ভূত শায়ান জাহাঙ্গীর। করাচিতে জন্ম নেওয়া শায়ানের ক্রিকেট ক্যারিয়ার শুরু পাকিস্তানে। দেশটির অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন তিনি। তবে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন তিনি যুক্তরাষ্ট্রের হয়ে। দলটির হয়ে এখন পর্যন্ত ১২টি ওয়ানডে খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

ভারতের হারমিত সিং ও মিলিন্দ কুমারও জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে। দুইজনেই গত মাসে কানাডা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পান।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলা হারমিত রঞ্জি ট্রফি ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে ৩১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০১৩ আইপিএলে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। সেই সময় স্পট ফিক্সিং বিতর্কে তার নাম এলেও পরে প্রমাণ মেলেনি। ৩১ বছর বয়সী বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার এবার খেলার অপেক্ষায় বৈশ্বিক আসরে।

৩৩ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার মিলিন্দ রঞ্জি ট্রফিতে খেলেছেন ৪৬ ম্যাচ। আইপিএলে একসময় তিনি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে, যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি। যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে মাইনর লিগ ক্রিকেটে এক হাজারের বেশি রান করেছেন তিনি।

কানাডার হয়ে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ খেলা নিতিশ কুমার এবার যুক্তরাষ্ট্রের হয়ে অভিজ্ঞতা নিতে পারেন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার। ১৫ বছর বয়সে ওয়ানডে খেলে হইচই ফেলে দেওয়া এই ক্রিকেটার দীর্ঘ পথচলায় কানাডার অধিনায়কত্বও করেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে এখন তিনি প্রতিনিধিত্ব করছেন দলটির।

কানাডা সিরিজে নেতৃত্ব দেওয়া মোনাঙ্ক প্যাটেলকে বিশ্বকাপেও দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে অ্যারন জোন্সকে।

আগামী ১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ দল: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), আনড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসার্গ প্যাটেল, নিতিশ কুমার, নাসথুশ কেনজিগি, সৌরাভ নেত্রাভালকার, শেডলি ফন শলকউইক, স্টিভেন টেইলর, শায়ান জাহাঙ্গীর।