২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত সবকিছু বোঝার চেষ্টায় বাংলাদেশ দলের ‘নতুন মানুষ’ সিমন্স

সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহের বিতর্কিত বিদায় নিয়ে ভাবতে চান না নাজমুল হোসেন শান্ত, নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2024, 05:52 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে পা রাখার দিনই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলে আসেন ফিল সিমন্স। মাঠে ঢুকতেই নাজমুল হোসেন শান্তর সঙ্গে দেখা হয় তার। দুজনের গায়েই তখন কালো টি-শার্ট। ওই মিলে যাওয়াটা কাকতালীয়ভাবে। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের পরিকল্পনায়ও একই কাতারে বাংলাদেশ অধিনায়ক ও নতুন প্রধান কোচ।

নাটকীয় পালাবদলে গত মঙ্গলবার বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পান সিমন্স। পর দিন সকালেই তিনি চলে আসেন দেশে। এর সপ্তাহ ঘোরার আগেই এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। এত অল্প সময়ে স্বাভাবিকভাবেই সব বুঝে উঠতে পারেননি সিমন্স। নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে আরও কিছুদিন সময় লাগবে, বলছেন শান্ত।

প্রোটিয়া সিরিজের আগে বাংলাদেশ দলের অনুশীলনে এখন পর্যন্ত শান্তর সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতে দেখা গেছে সিমন্সকে। বিশেষ করে শনিবার ও রোববার ইনডোরের বাইরের নেটে বেশ লম্বা সময় আলোচনা করেন তারা দুজন। সেই কথোপকথনে শান্তর ভূমিকাই ছিল বেশি। 

প্রথম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত বললেন, সিমন্সকে এখন দলের পরিবেশ ও সার্বিক বিষয়ে জানাচ্ছেন তিনি। 

“(সিমন্সের সঙ্গে অভিজ্ঞতা) এখন পর্যন্ত খুবই ভালো। যেদিন তিনি (সিমন্স) এসেছেন, মাঠে এসে ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন। আমার সঙ্গে বেশ কিছু বিষয়ে কথা হয়েছে। দলের পরিবেশ সম্পর্কে তিনি জানার চেষ্টা করছেন।”

“এখন পর্যন্ত খুব ভালো। তবে এখনও খুবই নতুন। আমরাও তাকে এখন পর্যন্ত শতভাগ জানি না। তিনিও জানার চেষ্টা করছেন। আশা করব, এক-দুই টেস্টের মধ্যেই সমন্বয়টা ভালোভাবে হয়ে যাবে।”

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দলকে প্রস্তুত করতে তেমন সময় পাননি সিমন্স। তাই শান্তরা নিজেরাই এগিয়ে এসেছেন কোচের কাজ সহজ করতে। মিরপুরের মাঠের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রোটিয়াদের মোকাবিলা করার আশা শান্তর। 

“নতুন কোচ খুব বেশি পরিকল্পনা এখনও দেননি। কারণ নতুন মানুষ তিনি, বোঝার চেষ্টা করছেন। আমরা যারা ক্রিকেটার আছি বা অধিনায়ক হিসেবে জানি যে, কী করতে চাই, দলটা কীভাবে খেলতে চায়। প্রত্যেক ক্রিকেটার তার দায়িত্ব সম্পর্ক অবগত। কোচকে আমার পরিকল্পনা জানিয়েছি। যেটায় কোচ একমত।”

“আমরা যেহেতু এই মাঠে অনেক ম্যাচ খেলেছি, আমাদের খুব ভালো অভিজ্ঞতা আছে। সেটাই কাজে লাগাব। আগের কোচ বা এই কোচ, এত কিছু আসলে মেলানোর প্রয়োজন আছে আমি মনে করি না। কারণ ক্রিকেটাররা অনেক অভিজ্ঞ এই মাঠে খেলার।”

প্রসঙ্গক্রমে চান্দিকা হাথুরুসিংহের বিদায়ের কথাও। তবে এই অধ্যায় পেছনে ফেলে অধিনায়ক তাকাচ্ছেন সামনে।

“ভালো সময়, খারাপ সময়- দুটোই ছিল (হাথুরুসিংহের কোচিংয়ে)। বেশ কিছু ম্যাচ জিতেছি, বেশ কিছু ম্যাচ হেরেছি। তবে এখন আমাদের সামনের দিকে দেখতে হবে। এখন আর পেছনে তাকিয়ে লাভ নেই। আমার মনে হয়, সামনের টেস্ট আমরা কত ভালো খেলি, এটা গুরুত্বপূর্ণ।”