Published : 08 Jun 2026, 07:08 PM
সবশেষ চার ম্যাচে ৩৫৯ রান। দুটি করে সেঞ্চুরি আর ফিফটি। ব্যাটিং গড় ১৭৯.৫০! ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে তাওহিদ হৃদয়ের পরিসংখ্যান এটি। এমন পারফরম্যান্স করেছেন তিনি তিন নম্বরে ব্যাট করে। কিন্তু বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে খেলতে হবে পাঁচ নম্বরে। এবার অন্তত তার ব্যাটিং পজিশন আগে থেকে নিশ্চিত হওয়া গেছে। বেশির ভাগ সময়ই তো এটা থাকে একটা রহস্য!
তিন বছরের বেশি সময়ের ক্যারিয়ারে ৫০ ওয়ানডে খেলে ফেলেছেন হৃদয়। এখনও থিতু একটি জায়গা তিনি পাননি। এমনকি সাম্প্রতিক সময়ে তিনি দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার হলেও তার ব্যাটিং পজিশন নিয়ে টানাহেঁচড়া হয়েছে। কখনো চার, আবার কখনও পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন। বেশিরভাগ সময় এই দুই জায়গায় ব্যাট করার সঙ্গে আছে তিন, ছয় ও সাত নম্বরে ব্যাটিংয়ের অভিজ্ঞতাও।
ব্যাটিং অর্ডারের এমন অস্থিরতা নিয়ে হৃদয়কে নানা সময়ে প্রশ্ন করা হলে প্রত্যেকবারই উত্তর দেন, দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাটিং করবেন। তবে তার মনের কোণে কোন পজিশন লুকিয়ে আছে, সেই বার্তা তো ঘরোয়া ক্রিকেটে দিয়েই চলেছেন তিনি!
ঢাকা লিগে এবার ব্যাট করছেন তিনি নম্বরে। বিপিএল রংপুর রাইডার্সের জার্সিতে নিয়মিত টপ অর্ডারে ব্যাটিং করে ১১ ইনিংসে করেছেন ৩৮২ রান। এমন কী ওপেনিং করার অভিজ্ঞত আছে। আগেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে তিনি ব্যাট করেছেন টপ অর্ডারে।
তবে ঘরোয়া ক্রিকেটে তার টপ অর্ডারে খেলার অভিজ্ঞতা আপাতত জাতীয় দলে কাজে লাগানো জরুরি মনে করছে না টিম ম্যানেজমেন্ট। সে কারণেই হয়তো অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সরাসরিই জানিয়ে দিয়েছেন হৃদয়ের ব্যাটিং পজিশন, “হৃদয় হৃদয়ের পজিশনেই খেলবে। পাঁচ নম্বরেই খেলবে।”
ওয়ানডে ক্যারিয়ারের বেশিরভাগ সময় পাঁচ নম্বরেই খেলেছেন হৃদয়। এই পজিশনে ২১ ইনিংসে রান করেছেন ৬৭০ রান। ব্যাটিং গড় ৩৫.২৬। চার নম্বরে তার ব্যাটে এসেছে ৩৯.৬৬ গড়ে করেছেন ৪৭৬ রান। এখানে ১৩ ইনিংসের ছয়টিতেই করেছেন ফিফটি। কোন পজিশনে তিনি বেশি কার্যকর, তার পারফরম্যান্সেই ফুটে উঠেছে।
ঘরোয়া ক্রিকেটে তিন নম্বরে প্রায় নিয়মিত ব্যাটিং করা হৃদয়কে একই জায়গায় জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল তিনবার। রান করেছেন ৪০। সর্বোচ্চ ইনিংসটি ২৮ রানের। সবশেষ গত বছর এই মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়। ওই সিরিজেই তিনি দুইবার তিন নম্বরে ব্যাটিং করেছেন।
হৃদয়ের ব্যাটিং অর্ডারে আলোচনার শুরু মোহামেডানের জার্সিতে চলমান ঢাকা লিগে তার পারফরম্যান্সের কারণে। ৮ ইনিংসে ৮৮ গড় ও ১২২.৭৯ স্ট্রাইক রেটে দুই সেঞ্চুরি আর তিন ফিফটিতে করেছেন ৫২৮ রান। এই আট ইনিংসের চারটিতে তিন নম্বরে ও বাকি চার ইনিংসের দুইবার করে চার ও পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন তিনি।
সবশেষ সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পাঁচে নেমে ফিফটি করলেও পরের দুই ম্যাচে তাকে নামানো হয় ছয় নম্বরে। প্রকাশ্যে না বললেও তার হৃদয়ে অসন্তোষ থাকাটা তাই অস্বাভাবিক নয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত এক ধাপ ওপরে উঠতে পারছেন ব্যাটিং অর্ডারে। তবে কাঙ্ক্ষিত জায়গায় ব্যাট করতে পারবেন কি না বা কার্যকারিতা বেশি কোথায়, সেই উত্তর হয়তো সময়ের হাতেই তোলা।