পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ
Published : 20 Sep 2024, 07:46 PM
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য করাচি স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ। আপাতত সেখানে হবে না কোনো খেলা। তাই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ভেন্যুতে বদল এনেছে পাকিস্তান।
দুই দলের দ্বিতীয় টেস্টটি হওয়ার কথা ছিল করাচিতে। সেখান থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে মুলতানে। তবে সূচিতে কোনো পরিবর্তন আসেনি। পূর্বনির্ধারিত ১৫ অক্টোবর শুরু হবে খেলা।
ভেন্যুর এই পরিবর্তনের ফলে এখন পাকিস্তান সফরে প্রথম দুটি টেস্টই মুলতানে খেলবে ইংল্যান্ড। প্রথমটি শুরু আগামী ৭ অক্টোবর।
দুই দলের তৃতীয় ও শেষ টেস্ট হবে রাওয়ালপিন্ডিতে, শুরু আগামী ২৪ অক্টোবর।
আগামী ২ অক্টোবর মুলতানে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের। একই দিনে পাকিস্তান দলের ক্রিকেটারদেরও সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে।
আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টটি করাচির সঙ্গে লাহোর ও রাওয়ালপিণ্ডিতে আয়োজন করার কথা বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।