বিশ্বকাপে আলো ছড়িয়ে পিএসএলে মুজারাবানি
ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শামার জোসেফের বদলি হিসেবে জিম্বাবুয়ের পেসারকে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।
চলটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দারুণ কাটছে ব্লেসিং মুজারাবানির। চমৎকার বোলিংয়ে দলকে জিতিয়ে প্রথম দুই ম্যাচেই সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। এই পারফরম্যান্সেই যেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দুয়ার খুলে গেল তার জন্য। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শামার জোসেফের বদলি হিসেবে জিম্বাবুয়ের এই পেসারকে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।
পিএসএলের নিলামে ভিত্তিমূল্য এক কোটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে শামারকে দলে নিয়েছিল ইসলামাবাদ। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, পারস্পরিক সম্মতিতে তার চুক্তি বাতিল করা হয়েছে। মুজারাবানিকে দলে নিয়ে পেস বোলিং বিভাগ আরও শক্তিশালী করার চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিটি। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার আগেও পিএসএলে খেলেছেন, ২০২১ সালে ইসলামাবাদের শিরোপা জয়ী দলের অংশ ছিলেন তিনি।
ইএসপিএনক্রিকইনফো লিখেছে, খেলোয়াড় বা ফ্র্যাঞ্চাইজি কেউই চুক্তির বিষয়ে প্রকাশ্য বিবৃতি দিতে চাইছে না এবং সিদ্ধান্তটি পিএসএলের টেকনিক্যাল কমিটি অনুমোদন দেবে।
গত বছর পারফরম্যান্সে খুব একটা ধারাবাহিক ছিলেন না মুজারাবানি। তবে এই বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন তিনি। প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে তিনি ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট, পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ রানে ৪ উইকেট। ‘ম্যান অব দা ম্যাচ’ হয়েছেন তিনি দুটিতেই। দুই জয়ে সুপার এইটে যাওয়ার সম্ভাবনা জোরাল করেছে জিম্বাবুয়ে।
আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া পিএসএলে জিম্বাবুয়ের ক্রিকেটারদের মধ্যে মুজারাবানি ছাড়া আর খেলবেন শুধু সিকান্দার রাজা। গত বছর লাহোর কালান্দার্সের শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদান ছিল জিম্বাবুয়ে অধিনায়কের।
