২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের চার টেস্টের ঐতিহাসিক সিরিজ

২৭ বছর পর চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে নিউ জিল্যান্ড।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের চার টেস্টের ঐতিহাসিক সিরিজ
নিউ জিল্যান্ড ১৯৯৯ সালের পর প্রথমবার চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2026, 09:07 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজে বহুবার লড়েছে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড। কিন্তু এক সিরিজে তিন ম্যাচের বেশি একবারও খেলেনি তাসমান সাগর পারের দেশ দুটি। এই প্রথম চার টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে তারা।

২৭ বছর ধরে নিউ-জিল্যান্ড কখনও খেলেনি চার ম্যাচের টেস্ট সিরিজ। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে সবশেষ চার ম্যাচের সিরিজ খেলেছিল তারা। যেখানে ২-১ ব্যবধানে জিতেছিল কিউইরা।

অস্ট্রেলিয়া সফরে এবারও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল নিউ জিল্যান্ডের। বাংলাদেশের অস্ট্রেলিয়ার সফর ২০২৭ সালের মার্চ থেকে এবছরের অগাস্টে এগিয়ে নিয়ে আসায় এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া অস্বীকৃতি জানানোয় কিউইদের বিপক্ষে আরেকটি ম্যাচ বাড়ানো হয়।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের টেস্ট সিরিজটি হবে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে। পার্থে প্রথম টেস্ট শুরু ৯ ডিসেম্বর। পরেরগুলো হবে অ্যাডিলেইড, মেলবোর্ন, সিডনিতে। শেষ টেস্ট শুরু ৪ জানুয়ারি।

২০২৬-২৭ গ্রীষ্মে ছেলে ও মেয়েদের দলের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অগাস্টে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে শুরু হবে তাদের মৌসুম।