২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তান খুশিই হবে যে কোহলিকে বল করতে হবে না’

এবার ভিরাট কোহলিকে সামলাতে হবে না বলে পাকিস্তানি বোলাররা স্বস্তির শ্বাস নেবে, বলছেন ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার।

‘পাকিস্তান খুশিই হবে যে কোহলিকে বল করতে হবে না’
২০২২ বিশ্বকাপে অসাধারণ খেলে পাকিস্তানকে হারিয়েছিলেন ভিরাট কোহলি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 01:50 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

ভারত-পাকিস্তানের ম্যাচে যুগ যুগ ধরেই থাকে লড়াইয়ের ভেতর অনেক লড়াই। অনেক বছর ধরেই যেমন ম্যাচের আগে ভিরাট কোহলিকে নিয়ে অনেক ছক কষতে হয়েছে পাকিস্তানকে। এবার সেই ঝামেলা নেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় জানিয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট। ভারতের আরেক গ্রেট সুনিল গাভাস্কারের ধারণা, কোহলি না থাকায় এবার অন্তত কিছুটা স্বস্তির পরশ পাবে পাকিস্তান। 

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে রোববার দুবাইয়ে। গ্রুপ পর্বের ম্যাচ হলেও যথারীতি এই ম্যাচ নিয়ে আলোচনা-উত্তেজনা চলছে তুমুল। এই লড়াইয়ে না থেকেও যেন আছেন কোহলি। 

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবু এই লড়াইয়ে আগে উঠে আসছে তার নাম। 

দুই দলের সবশেষ লড়াইয়ের নায়কও ছিলেন কোহলিই। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে তার অপরাজিত সেঞ্চুরিতে পাকিস্তানকে অনায়াসে হারিয়েছিল ভারত।

দুই দলের মহারণে আরও অনেকবারই ব্যবধান গড়ে দিয়েছেন কোহলি। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ১৭ ম্যাচে চার সেঞ্চুরিতে ৭৭৮ রান করেছেন তিনি প্রায় ৬০ গড় ও ৯৯ স্ট্রাইক রেটে। ক্যারিয়ার সেরা ১৮৩ রানের ইনিংসটি তাদের বিপক্ষেই। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ১১ ম্যাচে তার গড় ৭০.২৮। পাঁচ ফিফটিতে ৪৯২ রান করেছেন প্রায় ১২৪ স্ট্রাইক রেটে।

গাভাস্কার মনে করিয়ে দিলেন ২০২২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোহলির সেই স্মরণীয় ইনিংসটির কথা। মেলবোর্নে সেদিন দলকে বলতে গেলে একাই জয়ের কাছে এগিয়ে নেন তিনি। 

৮ বলে যখন ভারতের প্রয়োজন ছিল ২৮ রানের, হারিস রউফের বলে টানা দুটি অসাধারণ শটে ছক্কা মারেন কোহলি। পরে শেষ ওভারেও একটি ছক্কা মারেন তিনি মোহাম্মাদ নাওয়াজকে। নাটকীয় ম্যাচে শেষ বলে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন রাভিচান্দ্রান অশ্বিন।

এবারের লড়াইয়ের আগে ইন্ডিয়া টুডের সঙ্গে আলোচনায় সেই ম্যাচের কথা মনে করিয়ে দিলেন গাভাস্কার। তার মতে, শুধু ব্যাটসম্যান কোহলিই নয়, ক্রিকেটার কোহলির মাঠে উপস্থিতিই প্রতিপক্ষের জন্য হুমকির। 

“আমি নিশ্চিত, পাকিস্তান বেশ খুশিই হবে যে কোহলিকে বল করতে হবে না। কারণ, তার ব্যাটে দারুণ কিছু ইনিংস আমরা দেখেছি তাদের বিপক্ষে। মেলবোর্নের সেই ইনিংসটির কথা তো বলতেই হবে। যখন মনে হচ্ছিল, ম্যাচে ভারত একরকম হেরেই গেছে, তখন সে (কোহলি) হারিস রউফের বলে অবিশ্বাস্য দুটি ছক্কা মেরে ভারতকে জয়ের কাছে নিয়ে যায় এবং শেষ দিকে অশ্বিন কাজ শেষ করে।”

“কাজেই হ্যাঁ, আমি যদি পাকিস্তানি হতাম, অবশ্যই অনেক স্বস্তিতে শ্বাস নিতাম যে, শুধু ব্যাটার কোহলিই নয়, ক্রিকেটার কোহলির বিপক্ষে খেলতে হচ্ছে না।”

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। প্রথম ম্যাচে দুই দলই জিতেছে বড় ব্যবধানে।