২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে সফরের ভারত দলে ৪ নতুন মুখ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শুবমান গিল।

জিম্বাবুয়ে সফরের ভারত দলে ৪ নতুন মুখ
প্রথমবার ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া চারজনের দুইজন রিয়ান পারাগ (বাঁয়ে) ও আভিশেক শার্মা। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 08:33 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

সবশেষ আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন আভিশেক শার্মা। বিধ্বংসী এই ওপেনারের সঙ্গে ভারতের টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো আরও ডাক পেয়েছেন রিয়ান পারাগ, তুষার দেশপান্ডে ও নিতিশ কুমার।

জিম্বাবুয়ে সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যদের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। চলমান বিশ্বকাপের মূল দলের প্রায় সবাইকে দেওয়া হয়েছে এই সিরিজ থেকে বিশ্রাম, আছেন কেবল ইয়াশাসভি জয়সওয়াল ও সাঞ্জু স্যামসন।

রিজার্ভ হিসেবে বিশ্বকাপে যাওয়া শুবমান গিল, রিংকু সিং, আভেশ খান ও খলিল আহমেদ আছেন জিম্বাবুয়ে সফরের দলে। নতুন মুখদের নিয়ে গড়া এই দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে গিলকে।

বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাবে, বিধায় জিম্বাবুয়ে সিরিজে অন্তর্বর্তীকালীনের কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লাক্সমান।

গত আইপিএলে রানার্সআপ হওয়া সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০৪.২১ স্ট্রাইক রেটে ৪৮৪ রান করেন আভিশেক। আসরে সবচেয়ে বেশি ৪২ ছক্কা তার। আর রাজস্থান রয়্যালসের হয়ে ১৬ ইনিংসে ৫৭৩ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান পারাগ।

হায়দরাবাদের জার্সিতে আলো ছড়ান নিতিশ। ১৪২.৯২ স্ট্রাইক রেটে ৩০৩ রান করেন তিনি। পেস বোলিংয়ে রাখেন কার্যকর ভূমিকা, আসরে ১৩.১ ওভার করে নেন তিন উইকেট।

আরেক নতুন মুখ তুষার গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ উইকেট শিকারি। ওভারপ্রতি ৮.৮৩ রান দিয়ে ১৭ উইকেট নেন এই পেসার।

হারারেতে আগামী ৬, ৭, ১০, ১৩ ও ১৪ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত।

ভারতের টি-টোয়েন্টি দল: শুবমান গিল (অধিনায়ক), ইয়াশাসভি জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, আভিশেক শার্মা, রিংকু সিং, সাঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, নিতিশ কুমার, রিয়ান পারাগ, ওয়াশিংটন সুন্দর, রাভি বিষ্ণই, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে।