২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার হেইজেলউড-ধাক্কা

চোট কাটিয়ে মাঠে ফিরেই আবার ছিটকে পড়লেন অভিজ্ঞ এই পেসার, ভারতের বিপক্ষে সিরিজের বাকিটুকুতে আর দেখা যাবে না তাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 01:18 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

চোট কাটিয়ে মাঠে ফেরার টেস্টেই আবার নতুন করে চোটে পড়লেন জশ হেইজেলউড। ভারতের বিপক্ষে চলতি ব্রিজবেন টেস্টে আর মাঠে নামতে পারবেন না অভিজ্ঞ পেসার। বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুই ম্যাচেও তার খেলার সম্ভাবনা অতি সামান্য।

ব্রিজবেন টেস্টের চতুর্থ দিনে মঙ্গলবার শুরু থেকেই হেইজেলউডের অস্বস্তি ছিল স্পষ্ট। দিনের খেলা শুরুর আগে তাকে দেখা যায় কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও ফিজিও নিক জোন্সের সঙ্গে কথা বলতে। মাঠে প্রবেশ করেন তিনি একটু দেরিতেই। এরপর এক ওভার বোলিং করেন তিনি, কিন্তু বোলিংয়ে না ছিল ধার, না ছিল স্বাভাবিক গতি।

ওই ওভার শেষে পানি পানের বিরতির সময় অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ ও ফিজিওর সঙ্গে লম্বা সময় কথা বলতে দেখা যায় তাকে। এরপর তিনি মাঠ ছেড়ে যান। স্ক্যান করতে পাঠানো হয় তাকে।

পরে ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানায়, দিনের শুরুতে গা গরমের সময় কাফ মাসলে টান লেগেছে হেইজেলউডের। সেখানেই উল্লেখ করা হয়, টেস্ট সিরিজের বাকিটুকুতে তাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং একজন বিকল্প দলে যোগ করা হবে।

২০২১-২২ অ্যাশেজ থেকে এই পর্যন্ত অস্ট্রেলিয়ার ৩৫ টেস্টের ১৮টিতেই চোটের কারণে বাইরে ছিলেন হেইজেলউড। সাম্প্রতিক সময়ে অবশ্য নিজেকে চোটমুক্ত রাখতে পেরেছিলেন তিনি ভালোভাবেই। ভারতের বিপক্ষে এই সিরিজের প্রথম টেস্ট পর্যন্ত টানা ১০ টেস্টে খেলেন তিনি। এরপরই অ্যাডিলেইড টেস্ট থেকে ছিটকে পড়েন সাইড স্ট্রেইন নিয়ে। এরপর ব্রিজবেনে ফিরে ম্যাচ শেষ করতেও পারলেন না। 

চার বোলারের বোলিং আক্রমণে হেইজেলউডকে হারিয়েও অবশ্য চতুর্থ দিনে ভারতীয় ব্যাটসম্যানদে চেপে ধরেছে অস্ট্রেলিয়া।

অতি নাটকীয় কিছু না হলে সিরিজের পরের দুই টেস্টের একাদশে হেইজেলউডের জায়গা নেবেন স্কট বোল্যান্ড।