২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিজবেন টেস্টে নেই খাওয়াজা

দলের সঙ্গে থেকে পুনর্বাসন চালিয়ে যাবেন অস্ট্রেলিয়ান অভিজ্ঞ ওপেনার।

ব্রিজবেন টেস্টে নেই খাওয়াজা
অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাওয়াজা। ছবি: অস্ট্রেলিয়ান মেন’স ক্রিকেট ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 03:05 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

পিঠের চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি উসমান খাওয়াজা। তাই ইংল্যান্ডের বিপক্ষে ব্রিজবেন টেস্টে খেলবেন না অস্ট্রেলিয়া এই অভিজ্ঞ ওপেনার। 

অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে খাওয়াজার ছিটকে পড়ার কথা মঙ্গলবার জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তার বদলি হিসেবে কাউকে দলে ডাকেনি স্বাগতিকরা। দলের সঙ্গে থেকে পুনর্বাসন চালিয়ে যাবেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

পার্থে প্রথম টেস্টের প্রথম দিন এই চোট পান খাওয়াজা। ওই ম্যাচে কোনো ইনিংসেই ওপেন করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় শেষের দিকটায় মাঠের বাইরে ছিলেন বলে পরে ব্যাটিং ইনিংসে ওপেনিংয়ে নামতে পারেননি। সেদিন চার নম্বরে নেমে আউট হন দুই রানে।

দ্বিতীয় ইনিংসে চোটের কারণে নিজের মূল ভূমিকা পালন করতে পারেননি। ওই ইনিংসে আর ব্যাটিংয়েই নামতে হয়নি তার। ইনিংস শুরু করার সুযোগ পেয়ে বিধ্বংসী ব্যাটিংয়ে ৮৩ বলে ১২৪ রান করে দলকে অবিস্মরণীয় এক জয় এনে দেন ট্রাভিস হেড।

চোটে পড়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো ব্যাটিং করেন খাওয়াজা। ৩০ মিনিটের নেট সেশন দলে জায়গা করে নেওয়ার জন‍্য যথেষ্ট ছিল না।

খাওয়াজা ছিটকে পড়ায় ব্রিজবেনেও হেডের ওপেন করার দুয়ার খুলে গেল। প্রথম ম্যাচে রান তাড়ায় যে ইনিংস উপহার দিয়েছেন তিনি, তাতে টেস্টেও তাকে ওপেনিংয়ে নামানো নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে চলছে আলোচনা।

পুরোপুরি সেরে উঠতে দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে খাওয়াজার। তাই আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। 

এমনিতে বেশ কিছুদিন ধরে নিজের ছায়া হয়ে আছেন খাওয়াজা। ২০২৩ অ্যাশেজের পর স্রেফ একটি সেঞ্চুরি করতে পেরেছেন তিনি। সবশেষ ১১ ইনিংসে তার ফিফটি নেই। পারফর‌ম্যান্সে ভাটার টান অনেক দিন ধরেই। তবু উপযুক্ত বিকল্প নেই বলে ৩৯ ছুঁইছুঁই পড়ন্তবেলার খাওয়াজাকেই বয়ে বেড়াচ্ছে অস্ট্রেলিয়া।

হেড যদি ফের ওপেনিংয়ে নেমে সফল হন, তাহলে টেস্ট দলে খাওয়াজার ফেরা কঠিন হয়ে যাবে।

দিবা-রাত্রির ব্রিজবেন টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।