দুঃসময়ে লিটনের ত্রাতা যখন টিমবয় শাহিন
ব্যাটিং নিয়ে টিমবয় শাহিনের কিছু পরামর্শ কাজে লাগিয়ে বড় রানের দেখা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
চেন্নাইয়ের এক হোটেলে কফি বয়ে আনা ওয়েটারের পরামর্শে যেভাবে বড় একটি সমস্যা ধরতে পেরেছিলেন সাচিন টেন্ডুলকার, ক্রিকেটের দারুণ চমকপ্রদ গল্প সেটি। এবার দুঃসময়ের জাল ছিঁড়ে লিটন দাসের বেরিয়ে আসার পেছনের গল্পেও জানা গেল অপ্রত্যাশিত এক চরিত্রের নাম। বিপিএলে রেকর্ড গড়া সেঞ্চুরি পর লিটন মানসিক সমর্থনের জন্য ধন্যবাদ জানালেন স্ত্রীকে আর মাঠের ক্রিকেটে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানালেন শাহিনকে, যার পরিচয় ঢাকা ক্যাপিটালসের ‘টিম বয়’।
বিপিএলে রোববার ৫৫ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন। এ দিন দুপুরে জানানো হয়, বাজে ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে জায়গা হয়নি অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। সেই ধাক্কা সামলে রাতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পান তিনি।
পরে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সঞ্চালকের সঙ্গে কথোপকথন শেষ হওয়ার পর নিজে থেকে কিছু বলার ইচ্ছে জানান লিটন। খারাপ সময়ে পাশে থাকার জন্য স্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। এরপর উল্লেখ করেন শাহিনের অবদানের কথা।
শাহিনের মতো বেশ কজন টিমবয় কাজ করেনে প্রতিটি দলেই। ক্রিকেটারদের ব্যাগ বয়ে নেওয়া, টুকটাক ফুট-ফরামায়েশ খাটা বা এটা-সেটা এনে দেওয়ার কাজ করেন তারা। পাশাপাশি ক্রিকেটারদের অনুশীলনেও বল থ্রো করে বা নানাভাবে তারা সহায়তা করেন তারা অনেক সময়।
একটু পর সংবাদ সম্মেলনের শাহিনকে নিয়ে বিস্তারিত খোলাসা করেন লিটন। শাহিনের সঙ্গে পুরোনো সংযোগে নতুন করে উপকৃত হয়েছেন তিনি।
“সবার স্ত্রী তো সবাইকে সাপোর্ট করে। এদিক থেকে আমার কখনও কমতি কখনোই ছিল না।”
“শাহিনের কথাটা যদি বলি, অবশ্যই সে দলে কাজ করছে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে। সে গত তিন-চার বছর কুমিল্লার সঙ্গে ছিল। আমার খেলাটা দেখেছে। জিনিসটা এমন নয় যে, বয় দেখে সে খেলা বুঝবে না। যারা নিয়মিত অনুশীলন করায়, তারাও কিন্তু ছোট ছোট তথ্য দিতে পারে। আমার কাছে মনে হয়, ওর ওইটুকু সামর্থ্য আছে একটা ব্যাটসম্যানের কোথায় ভুল হচ্ছে বা কী হচ্ছে…।”
কথা বলার মধ্যেই হঠাৎ লিটনের হয়তো খেয়াল হলো, এটিকে ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করা হতে পারে। তাই সতর্ক করে দিলেন, “এটা দেখে আবার যেন নিউজ বানাবেন না যে, ও কোচ হয়ে গেছে…।”
ব্যাটিংয়ের কোন সমস্যা ধরেছেন শাহিন বা কেমন কাজ করেছেন, সুনির্দিষ্ট করে বলেননি লিটন। তবে প্রাপ্য কৃতিত্ব তিনি দিয়েছেন টিম বয়কে।
“আমি বলছি, প্র্যাকটিক্যালি জিনিসটা যে, একটা মানুষ যখন অনুশীলন করায়, তখন ছোট ছোট জিনিস ধরতে পারে। আমি সবশেষ কয়েকদিন ধরে তার সঙ্গে অনুশীলন করেছি, সে আমাকে অনেক সাহায্য করেছে। ওর কয়েকটা কথা বার্তায় আমার মনে হয়েছে, এই পরিবর্তন করলে আমার জন্য ভালো হতে পারে। ওইটুকুই। এজন্য ওকে ধন্যবাদ দিলাম।”
“প্রত্যেকটা কোচই যে আমাকে সহায়তা করবে, বিষয়টা তা নয়। যে কোনো মানুষই সাহায্য করতে পারে। যদি আমার কাছে মনে হয় এটা নেওয়ার মতো, তাহলে ধন্যবাদ।”
দুর্বার রাজশাহীর বিপক্ষে এই সেঞ্চুরির আগের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন লিটন। সব সংস্করন মিলিয়ে সেটি ছিল ২৩ ইনিংস পর তার ফিফটি। ওই ইনিংসের পরও তাই জায়গা পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।
