২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা গ্যালারিতে বসছে ছাউনি, বিভাগীয় দলে থাকছে দ্বিতীয় একাদশ

এছাড়াও স্টেডিয়ামে সোলার প্যানেল বসানো, জাতীয় লিগে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতি ফেরানোসহ কিছু পরিকল্পনা নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাড-হক কমিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 07:59 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

রোদ-বৃষ্টি-ঝড়ে কষ্ট করে যারা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারি থেকে খেলা দেখেন, তাদের জন্য সুখবর। গ্যালারির এই খোলা প্রান্তে বসানো হচ্ছে প্রায় ২৭ হাজার স্কয়ার ফুটের ছাউনি। ঘরোয়া ক্রিকেটে নেওয়া হচ্ছে যুগান্তকারী এক পদক্ষেপ। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের আদলে বাংলাদেশের জাতীয় লিগের দলগুলিরও থাকবে দ্বিতীয় একাদশ।

তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাড-হক কমিটি আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিতে জাতীয় ক্রিকেট লিগে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতি ফিরিয়ে আনা হবে আবার। সম্ভাব্যতা যাচাই করে উপযোগী মনে হলে গোটা মিরপুর স্টেডিয়ামের ছাদে বসানো হবে সোলার প্যানেল।

মিরপুর স্টেডিয়ামের সবচেয়ে বেশি দর্শক ধারণ ক্ষমতা পূর্ব গ্যালারিতে। এখানে কোনো ছাউনি নেই। বিসিবিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তামিম জানালেন, এখানে ছাউনি বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 

“আমাদের স্টেডিয়ামের যেখানে স্ক্রিন, স্কোরবোর্ড আছে, সেখানে কোনো শেড নেই। আমাদের প্রতিটি খেলায় এখানে টিকিটের দাম থাকে সবচেয়ে কম, এখানেই দর্শক আসে সবচেয়ে বেশি। এই গরমে দর্শকেরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য। আমরা মৌখিকভাবে একমত হয়েছি, যেখানে আমরা একটা ক্যানোপি সেট করে দেব, প্রায় ২৭ হাজার স্কয়ার ফিটের মতো।”

“কিছুটা ঢাকা স্টেডিয়ামে (জাতীয়) সাম্প্রতিক সময়ে করা হয়েছে ওই ধরনেরই হবে। এটার প্রক্রিয়াটা আমরা শুরু করে দিয়েছি। আশা করি সময়মতো এই জিনিসটা আপনারা খুবই দ্রুত সময়ে এটা দেখতে পাবেন।”

সোলার প্যানেল বসানোর ভাবনার পেছনে যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হকের পরামর্শের কথা জানালেন বিসিবি প্রধান। 

“আপনারা জানেন যে, বেশ একটা বড় অঙ্কের টাকা আমাদের দিতে হয় প্রতি মাসে বিদ্যুৎ বিল হিসেবে। তো আমরা চেষ্টা করছি, পুরো স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দেব। এখনও এটা কেদম প্রাথমিক পর্যায়ে আছে।”

“এটা পরিবেশের জন্য ভালো, এনার্জি সেভ করবে, পাশাপাশি আমাদের প্রত্যেকটা জিনিস একটু ক্যালকুলেট করে দেখতে হবে যে, এই ইনভেস্টমেন্টের রিটার্নটা কী। সবকিছু যদি মিলে যায়, আমাদের মাননীয় মন্ত্রী আমিনুল ভাইও বলেছেন যে, সোলার সিস্টেম পরিবেশের জন্য ভালো… এটা যদি করা যায়, তাহলে গর্ব করার মতো কিছু হবে।”

জাতীয় লিগের দলগুলির দ্বিতীয় একাদশ থাকলে আরও বেশি সংখ্যক ক্রিকেটারকে মূল স্রোতে সম্পৃক্ত করা যাবে বলে মনে করেন তামিম। 

“আপনারা সবাই কাউন্টি ক্রিকেটের ব্যাপারে জানেন। কাউন্টি ক্রিকেটে প্রথম একাদশ, দ্বিতীয় একাদশ থাকে। এখন থেকে এই এনসিএল যখন শুরু হবে, চট্টগ্রামের প্রথম একাদশ ও দ্বিতীয় একাদশ থাকবে। ঢাকার থাকবে।  এভাবে করে প্রত্যেকটি দলের প্রথম একাদশ ও দ্বিতীয় একাদশ থাকবে।”

“দ্বিতীয় একাদশ যখন শুরু করব, মূলত আরও অনেক বেশি ক্রিকেটারকে সম্পৃক্ত করা যাবে, ১৫০ থেকে ২০০ ক্রিকেটার নতুন করে খেলার সুযোগ পাবে।”

দ্বিতীয় একাদশ রাখার পেছনে মুল ভাবনাও তুলে ধরলেন দেশের সাবেক এই অধিনায়ক। 

“বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেট যেভাবে ডিজাইন করা, ওটা যদি দেখেন দেখবেন যে, একটা অংশের ক্রিকেটারদের জন্যই আমাদের সর্বোচ্চ সুবিধা। যারা জাতীয় দলে খেলে, তারা বিপিএল খেলে, তারাই বিসিএল খেলে, তারাই এনসিএল খেলে, তারাই এনসিএল টি-টোয়েন্টি খেলে। তারা ৫-৬টি টুর্নামেন্টে খেলছে। কিন্তু তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগের ক্রিকেটারদের জন্য কি আছে? তাদের জন্য কিন্তু একটি লিগ ছাড়া আর খেলাই নেই।”

“এই কারণে আপনি দেখবেন যে, আমাদের ক্রিকেট ইতিহাসে এরকম খুব কম আছে যে, তৃতীয় বা দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসে কেউ জাতীয় দলে খেলেছে। এটা কম, কারণ আমরা কোনো সময় ওদেরকে প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে পারিনি। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, যদি সব ঠিক থাকে, এই মৌসুম থেকেই শুরু করব।” 

তামিম জানালেন, দ্বিতীয় একাদশের টুর্নামেন্টটি হবে তিন দিনের ম্যাচের। সেখানে সুযোগ-সুবিধা সর্বোচ্চ মানের থাকবে না। তবে শীর্ষ মানে পৌঁছানোর প্রতিযোগিতা সেখানে গড়ে তোলা হবে। 

“দ্বিতীয় একাদশের টুর্নামেন্ট হবে, এখানে সুযোগ-সুবিধা খুব বেশি থাকবে না। অবশ্যই না মিনিমাম স্ট্যান্ডার্ড থাকবে,  যেসব দেওয়া দরকার, মিনিমাম ম্যাচ ফি থাকবে। ওই ছেলেগুলোর মধ্যে ওই ক্ষুধাটা আনতে হবে যে, ওই যে ৬৫ হাজার টাকা বেতন করেছি (প্রথম শ্রেণির ক্রিকেটারদের) বা ১ লাখ টাকা ম্যাচ ফি করেছি, ওটাকে চ্যালেঞ্জ করা। দ্বিতীয় একাদশ থেকে তারা কীভাবে ওই পারফরম্যান্স করে প্রথম একাদশে ঢুকতে পারবে, এই প্রতিযোগিতা তৈরি করার দায়িত্ব আমাদের।”

জাতীয় লিগে এক সময় ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে খেলা হয়েছে। মাঠ ও লজিস্টিক্যাল সমস্যায় অনেক দিন ধরেই তা আর হচ্ছে না। তামিম আবার তা ফিরিয়ে আনার ঘোষণা দিলেন।

“প্রথম দিন থেকেই একটা ব্যাপা বলছি যে, ক্রিকেটটাকে আমাদের প্রমোট করতে হবে। চট্টগ্রাম, ঢাকা, সিলেট এসব জায়গায় ক্রিকেট দেখে মানুষ অভ্যস্ত। আমি যখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলতাম, লঞ্চে করে বরিশালেও গিয়েছি। রাজশাহীতে গিয়েছি, খুলনায় গিয়েছি, সব জায়গায় গিয়েছি। কোনো কারণে আমাদের এই ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ সিস্টেম বন্ধ হয়ে গেছে। এই মৌসুম থেকে চেষ্টা করব, যেসব জায়গায় মাঠ আছে, প্রথম শ্রেণির ম্যাচ চালানোর মতো অবস্থায় আছে, ওই জায়গাগুলোয় আমরা ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ শুরু করে দেব।”

“কিছু কিছু জায়গায় আমাদের কিছু জটিলতা আছে, ওখানে হয়তো এই মৌসুমেই পুরোপুরি ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ হবে না। কিন্তু যেখানে সুযোগ আছে, বরিশালের মাঠ তৈরি হচ্ছে, যেটা আমি শুনেছি, ওটা যদি তৈরি হয়ে যায় ,তাহলে বরিশাল কেন বরিশালে খেলবে না? বরিশাল, খুলনার মানু তো ডিজার্ভ করে তারা তাদের তারকাদের খেলা দেখবে।”