আইপিএলে ফেরার ছক আঁকছেন হেইজেলউড
চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্সের পর ছিটকে পড়া অস্ট্রেলিয়ান পেসার ফিরতে পারেন প্লে-অফে।
আসরের আসল সময়ে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাবনায় নতুন রঙের ছোঁয়া লাগছে। প্লে-অফে তারা ফিরে পেতে পারে দলের বোলিং আক্রমণের সেরা অস্ত্রকে। চোট কাটিয়ে আইপিএলে ফেরার পরিকল্পনা করছেন জশ হেইজেলউড।
আনুষ্ঠানিকভাবে এখনও অবশ্য কিছু জানা যায়নি হেইজেলউড বা বেঙ্গালুরুর পক্ষ থেকে। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, কাঁধের চোটের কারণে ছিটকে পড়া পেসার ফিরতে যাচ্ছেন প্লে-অফে।
চোট পড়ার আগে এই আসরে দারুণ ফর্মে ছিলেন হেইজেলউড। ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দলের সফলতম বোলার তিনি। সব দল মিলিয়ে তার চেয়ে বেশি উইকেট কেবল তিনজন বোলারের।
ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে আইপিএল স্থগিত হওয়ার আগে বেঙ্গালুরুর সবশেষ ম্যাচটি তিনি খেলতে পারেননি। পরে আইপিএল আবার শুরু হলেও ভারতে ফিরতে পারেননি ৩৪ বছর বয়সী পেসার। অস্ট্রেলিয়ায় পুনর্বাসন চলছে তার।
সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেদিকে তাকিয়ে কোনো ঝুঁকি তার নেওয়ার কথা নয়। গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের ম্যাচে তিনি খেলতে পারেননি চোটের কারণে। এবার তাই আরও বেশি সতর্ক থাকার কথা তার। সব মিলিয়ে ধারণা করা হচ্ছিল, আইপিএলে হয়তো এবার আর ফিরবেন না তিনি।
তবে ব্রিজবেনে পুনবার্সন ভালোভাবে এগোনোর পর বদলে গেছে তার পরিকল্পনাও। অনুশীলনও শুরু করেছেন তিনি।
আইপিএলের আগের সময়টাও চোট তাকে ভুগিয়েছে প্রবলভাবে। গত বছরের শেষ দিকে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের পর সাইড স্ট্রেইনের কারণে দ্বিতীয় টেস্টে তাকে বাইরে থাকতে হয়। তৃতীয় টেস্টে ফেরার পর পেশির চোটের কারণে আবার ছিটকে পড়তে হয়। এবার লম্বা সময়ের জন্য। বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি ম্যাচগুলি, শ্রীলঙ্কা সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞ এই পেসারকে পায়নি অস্ট্রেলিয়া। পরে মাঠে ফেরেন আইপিএল দিয়ে। এখন আরেক দফা প্রত্যাবর্তনের পালা।
হেইজেলউড ভারতে ফিরলে প্লে-অফের জন্য আইপিএলে থাকবেন টেস্ট চ্যাম্পিয়নশিপের অস্ট্রেলিয়া দলে থাকা দুজন। তিনি ছাড়া পাঞ্জাব কিংসে আছেন জশ ইংলিস। তাদের দল যদি ফাইনালে ওঠে, তাহলে ৩ জুন পর্যন্ত আইপিএলে থাকতে হবে তাদের। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু ১১ জুন।
এই দুজনকে ছাড়া অস্ট্রেলিয়া থাকা দলের বাকিরা ফাইনাল খেলতে ইংল্যান্ডে উড়াল দেবেন আগামী বৃহস্পতিবার।
অধিনায়ক প্যাট কামিন্স ও ট্রাভিস হেড রোববার সানরাইজার্স হায়দরাবাদের শেষ ম্যাচের পর দেশে ফিরে যাবেন। গতবার ফাইনাল খেলা হায়দরাবাদ এবার ছিটকে পড়েছে বেশ আগেই।
ফাইনালের অস্ট্রেলিয়া দলে থাকা মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, বাউ ওয়েবস্টার ও রিজার্ভ হিসেবে থাকা ব্রেন্ডান ডগেট এখন ইংল্যান্ডেই খেলছেন কাউন্টি ক্রিকেটে।
