২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট পুঁজি নিয়েও বড় জয় বিশ্বাসের মন্ত্রে

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে সরাসরি বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ, বোলার-ফিল্ডারদের ‘১১০ ভাগ’ প্রচেষ্টায় উচ্ছ্বসিত অধিনায়ক নিগার সুলতানা।

ছোট পুঁজি নিয়েও বড় জয় বিশ্বাসের মন্ত্রে
ব্যাট হাতে এক প্রান্তে লড়াই করে দলকে এগিয়ে নেন নিগার সুলতানা ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2025, 10:28 AM

Updated : 26 Aug 2026, 11:38 AM

আগের ম্যাচে ১৯৮ রান নিয়ে বাজেভাগে হারতে হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটিতেই রান উঠেছিল ১৬৪। সেই দলের বিপক্ষে এবার পুঁজি আরও কম। মনোবলে চরম চোট লাগার কথা। কিন্তু বাংলাদেশ দলের আবহ ছিল উল্টো। দারুণ কিছু করতে দল ছিল উজ্জীবিত। দলের এমন মানসিকতা ও বোলার-ফিল্ডারদের ‘শতভাগের বেশি’ প্রচেষ্টায় উচ্ছ্বসিত অধিনায়ক নিগার সুলতানা।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেন্ট কিটসে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ১৮৪ রানে। ব্যাটিং সহায়ক উইকেটে স্বল্প নেই সংগ্রহকেই যথেষ্টর বেশি প্রমাণ করে ছাড়েন বাংলাদেশের বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং মুখ থুবড়ে পড়ে ১২৪ রানে।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছিল ৯ উইকেটে। এই বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পরের দুই ম্যাচে জয়ের বিকল্প ছিল না নিগারদের। ৬০ রানের জয়ে সেই আশা জিইয়ে রেখেছেন তারা।

ম্যাচের পর বিসিবির ভিডিও বার্তায় নিগার বললেন, রান বেশি না হলেও বিশ্বাসে কমতি ছিল না তাদের।

“প্রথমত, আমি মনে করি যে, দলের বিশ্বাস ছিল। যদিও রানটা অনেক কম ছিল। এসব উইকেটে দুইশর বেশি রান না করলে বোলারদের জন্য কাজটা অনেক কঠিন। তবে আমরা যখন মাঠে নামি, এর আগেই বলছিলাম যে, সবাই যেন জয়ের বিশ্বাস রাখি। কারণ, আমরা যদি জায়গায় বল রাখতে পারি, পরিকল্পনা অনুযায়ী সময়মতো উইকেট নিতে পারি, তাহলে (জেতা) সম্ভব।”

বাংলাদেশ যে ১৮৪ পর্যন্ত যেতে পেরেছে, সেটির মূল কৃতিত্ব অধিনায়কেরই। টপ অর্ডারের ব্যর্থতায় দলকে টেনে নিয়েছেন নিগার। একাদশ ওভারে ক্রিজে গিয়ে নবম ব্যাটার হিসেবে আউট হয়েছেন ৪৯তম ওভারে। 

তার ৬৮ রানের ইনিংসটি এসেছে ১২০ বলে। এমনিতে তিনি স্ট্রোকপ্রিয়, শট খেলতে ভালোবাসেন। তবে দলের প্রয়োজন বুঝেই নিজের সহজাত খেলায় রাশ টেনেছিলেন। 

“আমাদের পরিকল্পনা ছিল আগে বল করার। টসে হেরে যখন ব্যাটিংয়ে গেছি, যেহেতু ভালো ট্র্যাক, আমাদের লক্ষ্য ছিল দুইশর বেশি রান। সেটা আমরা পারিনি। আমি চেষ্টা করেছি, নিজের ধরনের বাইরে গিয়ে অনেক বেশি বল খেলতে এবং থিতু হতে। এখন দিনশেষে মনে হচ্ছে, রানগুলি অনেক গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য এবং দলের জন্য অবদান রাখতে পেরে আমি অনেক বেশি খুশি।”

তবে জয়ের মূল কৃতিত্ব যে ম্যাচের দ্বিতীয় ভাগের পারফরমারদের, তা অকপটেই বলেছেন অধিনায়ক। 

“প্রতিটি বোলার, প্রতিটি ফিল্ডার যেভাবে ১১০ ভাগ দিয়েছে এবং চেষ্টা করেছে, সেটা অসাধারণ ছিল। সবার চেষ্টায় এরকম একটা জয় সম্ভব হয়েছে।”

অধিনায়কের ফিফটির পর সহ-আধিনায়ক ও দলের সেরা বোলার নাহিদা নিয়েছেন তিন উইকেট। ম্যাচের সেরাও তিনিই। দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

এই জয়েই কাজ শেষ হয়নি। নিউ জিল্যান্ডকে টপকে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে পরের ম্যাচটিতেও জিততে হবে বাংলাদেশ। কোনো কারণে খেলা না হলে একটি পয়েন্ট পেলেও চলবে নিগারদের, তবে তারা তাকিয়ে জয়ের দিকেই।

নিগার অবশ্য বিশ্বকাপের সমীকরণ মাথায় রাখতে চান না। বরং মোমেন্টামকে সঙ্গী করে সিরিজ জয়ের ঠিকানায় পৌঁছতে চান তিনি।

“সমীকরণের চিন্তা এখনও করছি না। প্রথম ম্যাচ হারার এক দিন পরই দল এভাবে ঘুরে দাঁড়াল, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। দুটি পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল। মোমেন্টাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দল সেটা পেয়েছে। শেষ ম্যাচে আমাদের চেষ্টা এটাই থাকবে। সিরিজ জয়ের একটা চেষ্টা থাকবে।”

“দেশের বাইরে আমরা কখনও সিরিজ জিততে পারিনি। অর্জন করতে পারলে আমাদের দলের জন্য অনেক বড় একটা মাইলফলক হয়ে থাকবে।” 

দেশের বাইরে একটি সিরিজ অবশ্য বাংলাদেশ জিতেছে। ২০২১ সালে তারা জিম্বাবুয়েকে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করেছে তাদের মাঠেই। তবে প্রতিষ্ঠিত কোনো দলের সঙ্গে তাদের মাঠে এক সিরিজে একাধিক জয় নেই এখনও। এবার সেই সুযোগ তো আছেই, হাতছানি সরাসরি বিশ্বকাপ খেলারও। 

অপেক্ষা এখন সেই ম্যাচের। সেন্ট কিটসেই শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় শুরু ম্যাচ।