২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ হাজার ৪৬৮ দিনের অপেক্ষার অবসান দুই দিনেই

পরিসংখ্যানের বেশ কয়েকটি পাতায় জায়গা করে নিয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মেলবোর্ন টেস্ট।

৫ হাজার ৪৬৮ দিনের অপেক্ষার অবসান দুই দিনেই
অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ (বাঁয়ে) ও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 09:08 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

১০ মিলিমিটার ঘাসের আস্তরনের উইকেট ছিল যেন পেস-স্বর্গ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গেল কেবল পেসারদেরই দাপট। কঠিন চ্যালেঞ্জ সামলে শেষ হাসি ফুটল ইংল্যান্ডের মুখে। স্রেফ দুই দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংলিশদের দীর্ঘ এক অপেক্ষার অবসানের ম্যাচটি জায়গা করে নিল পরিসংখ্যানের আরও অনেক পাতায়। 

অ্যাশেজ জয়ের আশা ১১ দিনেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ায় এবার প্রথম তিন টেস্টই হেরে যায় তারা। আর সেই দলটিই মেলবোর্ন টেস্টে এসে শনিবার তুলে নিয়েছে ৪ উইকেট জয়।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পেসারদের আধিপত্যের বক্সিং ডে টেস্টের কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো বিডিনিউজের পাঠকদের জন্য।

৫ হাজার ৪৬৮ দিন

অস্ট্রেলিয়ার মাটিতে ৫ হাজার ৪৬৮ দিন পর টেস্ট জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। দেশটিতে তাদের সবশেষ জয় ২০১১ সালের জানুয়ারিতে, সিডনিতে যে টেস্ট জিতে স্মরণীয় এক সিরিজ জয় নিশ্চিত করেছিল অ্যান্ড্রু স্ট্রাউসের দল।

সেই টেস্টের পর ১৮ টেস্টের ১৬টি ইংল্যান্ড হেরেছে, দুটি ড্র করেছে। অবশেষে এবার এলো বহুল কাঙ্ক্ষিত জয়। ইংল্যান্ডের চেয়ে টানা বেশি টেস্টে অস্ট্রেলিয়ায় জয়হীন থাকার রেকর্ড নেই আর কোনো দলের। টানা ১৮ টেস্টে জেতেনি নিউ জিল্যান্ডও।

৩

এবারের অ্যাশেজে পার্থের পর মেলবোর্নেও দুই দিনেই শেষ হলো টেস্ট। দ্বিপাক্ষিক সিরিজে একাধিক ম্যাচ দুই দিনেই শেষ হওয়ার নজির আছে আরও তিনবার। অস্ট্রেলিয়ার ১৮৮৮ সালের ইংল্যান্ড সফরে এমন ম্যাচ দেখা গেছে তিনটি। ১৮৮৮-৮৯ ও ১৮৯৫-৯৬ মৌসুমে ইংলিশদের দক্ষিণ আফ্রিকা সফরে দুটি করে টেস্ট দুই দিনে শেষ হয়েছিল।

আর ১৯১২ সালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ত্রিদেশীয় টেস্ট সিরিজে দুটি টেস্ট শেষ হয়েছিল দুই দিনে।

অস্ট্রেলিয়ায় চতুর্থ

এবারের অ্যাশেজের আগে স্রেফ অস্ট্রেলিয়ায় স্রেফ দুটি টেস্ট শেষ হয়েছিল দুই দিনে; ১৯৩১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেলবোর্ন টেস্ট ও আর ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্রিজবেন টেস্ট।

৪৭৯ বল

মেলবোর্ন টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৭৯ বল ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া, ১৯২৮ সালে ব্রিজবেন টেস্টের পর যা সবচেয়ে কম। ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪৫৭ বল খেলেছিল স্বাগতিকরা।

২৮৪ রান

মেলবোর্নে প্রথম ইনিংসে ১৫২ ও দ্বিতীয় ইনিংসে ১৩২ রান করতে পারে অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে তাদের রান ২৮৪। ১৯২৮ সালের ওই ব্রিজবেন টেস্টের (১৮৮ রানের) পর ঘরের মাঠে যা তাদের দ্বিতীয় সর্বনিম্ন, ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোবার্ট টেস্টে মোট ২৪৬ রান করেছিল অস্ট্রেলিয়া।

রুটের ‘প্রথম’

অস্ট্রেলিয়ায় চারবার সফর করা রুট অবশেষে সেখানে পেলেন প্রথম টেস্ট জয়ের স্বাদ। এবারের মেলবোর্ন টেস্টের আগে দেশটিতে ১৭ টেস্ট খেলেছিলেন ইংলিশ ব্যাটিং গ্রেট। অস্ট্রেলিয়ায় ১২ টেস্ট খেলে জয় পাননি নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি, যা রেকর্ড। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অস্ট্রেলিয়ার মাটিতে ১৩তম টেস্টে এসে পেলেন জয়ের স্বাদ।

ফিফটি ছাড়া ম্যাচ

দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডের ৪৬ রান মেলবোর্ন টেস্টে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। দুই দল মিলিয়ে ফিফটি নেই, অস্ট্রেলিয়ায় এমন ম্যাচ দেখা গেল পঞ্চমবার। আর টেস্টের ইতিহাসে কোনো ব্যাটসম্যানের ফিফটি ছাড়া ১৭তম ম্যাচ।

৪৪ বছরে প্রথম

দীর্ঘ চার দশকের বেশি সময় পর দলের কারো ফিফটি ছাড়াই অ্যাশেজ জিতল কোনো দল। ১৯৮১ সালে সবশেষ দেখা গিয়েছিল এমন ঘটনা, এজবাস্টনে জিতেছিল ইংল্যান্ড। আর ২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টের পর ব্যক্তিগত কোনো পঞ্চাশ ছোঁয়া ইনিংস ছাড়া টেস্ট জিতল ইংল্যান্ড।

শূন্য ওভার

মেলবোর্ন টেস্টে স্পিনাররা কোনো ওভার করেননি, অস্ট্রেলিয়ায় টেস্টে এমন নজির দেখা গেল প্রথমবার। এখানে স্পিনারদের সবচেয়ে কম বল করার আগের রেকর্ডটি ছিল ১২ ডেলিভারি-১৯৮৪ সালে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ম্যাচে। আর এবারের অ্যাশেজের পার্থ টেস্টে ন্যাথান লায়ন ও জো রুট মিলে ১৮ বল করেছিলেন, যা তৃতীয় সর্বনিম্ন।

৮৫২ বল

মেলবোর্ন টেস্টে খেলা হয়েছে ৮৫২ বল, টেস্টের ইতিহাসে ফল আসা কোনো ম্যাচে যা দশম সর্বনিম্ন, আর অ্যাশেজের চতুর্থ। এবারের অ্যাশেজে পার্থে খেলা হয়েছিল ৮৪৭ বল। ১৮৮৮ সালে ওল্ড ট্র্যাফোর্ড ও লর্ডস টেস্ট শেষ হয়েছিল যথাক্রমে ৭৮৮ ও ৭৯২ বলে।

৫ হাজার ৫৭১ ডেলিভারি

এবারের অ্যাশেজে এখন পর্যন্ত হয়েছে ৫ হাজার ৫৭১ ডেলিভারি, কোনো টেস্ট সিরিজের প্রথম চার ম্যাচ শেষে যা তৃতীয় সর্বনিম্ন। ১৯০২ অ্যাশেজের প্রথম চার টেস্টে হয়েছিল ৪ হাজার ৬৭৫ বল। আর ১৯৮৫-৮৬ উইজডেন ট্রফিতে প্রথম চার টেস্টে খেলা হয় ৫ হাজার ৫১৩ ডেলিভারি।