২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের দায়িত্ব ছেড়ে নাইট রাইডার্স গ্রুপে টেনডো

কলকাতা নাইট রাইডার্সের তিনটি আইপিএল শিরোপাজয়ী দলের অংশ রায়ান টেন ডেসকাটে এবার ফিরলেন আরও বড় দায়িত্ব নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 01:25 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রায়ান টেন ডেসকাটের সম্পর্ক অনেক পুরোনো। এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন, কোচিং করিয়েছেন এবং দলের তিনটি আইপিএল শিরোপাজয়ী দলেরই অংশ ছিলেন তিনি। এবার সেখানেই ফিরছেন আরও বড় দায়িত্ব নিয়ে। শুধু কলকাতা নাইট রাইডার্সেই নয়, নাইট রাউডার্স গ্রুপের ‘হেড অব ক্রিকেট স্ট্র্যাটেজি’ হিসেবে দায়িত্ব পালন করবেন ‘টেনডো’ নামে পরিচিত সাবেক এই ডাচ অলরাউন্ডার।

ভারতের জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে টেন ডেসকাটের নাইট রাইডার্সে ফেরার খবরটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল আগেই। আনুষ্ঠানিক ঘোষণায় বুধবার জানা গেল তার পদের নামও।

নাইট রাইডার্স গ্রুপের মালিকানায় আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স, আইএল টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্স ও মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, সব দল মিলিয়েই থাকবে টেন ডেসকাটের দায়িত্ব।

নাইট রাইডার্সের সঙ্গে টেন ডেসকাটের সম্পর্কের শুরু ২০১১ সালে। আইপিএল ক্যারিয়ারের পাঁচ মৌসুম এই দলেই খেলেছেন তিনি। শিরোপা জিতেছেন ২০১২ ও ২০১৪ আসরে। পরে ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত ছিলেন দলটির কোচিং স্টাফে। ২০২৪ আসরেই কলকাতা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয় আইপিএলে। 

সেই আসরে কলকাতার মেন্টর গৌতাম গাম্ভির ওই বছরই জাতীয় দলের কোচের দায়িত্ব নেন, সেখানেও কোচিং স্টাফে সঙ্গী করে নেন টেন ডেসকাটেকে। গাম্ভির এখনও ভারতীয় দলের কোচ আছেন, টেন ডেসকাটে ফিরে গেলেন পুরোনো ডেরায়।

নতুন ভূমিকায় রাইট রাইডার্সে ফিরতে পেরে রোমাঞ্চিত ৪৬ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। 

“এই ভূমিকায় নাইট রাইডার্সে ফিরে আসতে পেরে আমি উচ্ছ্বসিত। বিশ্বব্যাপী আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর কোচিং এবং অ্যানালিটিক্স দলের সঙ্গে কাজ করে স্কাউটিং ও খেলোয়াড় উন্নয়ন ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং একটি দীর্ঘমেয়াদী ক্রিকেট কৌশল গড়ে তুলতে এটি একটি অনন্য সুযোগ।”

নাইট রাইডার্স গ্রুপ বিবৃতিতে জানায়, তাদের চারটি দলের স্কাউটিং, ক্রিকেটার বাছাই, স্কোয়াড পরিকল্পনা এবং পারফরম্যান্স মূল্যায়নের কৌশলগত দিকনির্দেশনার নেতৃত্ব দেবেন টেন ডেসকাটে এবং একই সঙ্গে সবকটি দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করবেন।

নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিগুলোর সাফল্যের মাত্রা নানা লিগে নানারকম। সিপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন ত্রিনবাগো, বর্তমান চ্যাম্পিয়নও। কদিন আগেই মেজর লিগে প্রথম শিরোপা জিতেছে লস অ্যাঞ্জেলস। আইএল টি-টোয়েন্টিতে চার আসরে একবারও ফাইনালে উঠতে পারেনি আবু ধাবি, আইপিএলে কলকাতা তিনবারের চ্যাম্পিয়ন হলেও সবশেষ দুই আসর শেষ করে তারা সপ্তম ও অষ্টম স্থানে থেকে। 

টেন ডেসকাটের জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায়। ক্রিকেটের শুরুও সেখানে। পরে কাউন্টি ক্রিকেটে পা রাখেন এবং সেখানে সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি হয়ে ওঠেন এসেক্সের কিংবদন্তি। 

আন্তর্জাতিক ক্রিকেটে তিনি বেছে নেন বাবার দেশ নেদারল্যান্ডসকে। ৩৩ ওয়ানডে খেলে ৫ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে ১ হাজার ৫৪১ রান করেছেন তিনি। ২০১১ বিশ্বকাপে করেন ২টি শতরান। তার ব্যাটিং গড় ৬৭, ওয়ানডেতে অন্তত ৩০০ রান করা বা অন্তত ১০টি ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে ইতিহাসের সেরা গড় এটি।

ওয়ানডেতে ৫৫টি উইকেটও নিয়েছেন তিনি, ম্যাচে ৪ শিকার ধরেছেন ৩ বার। এছাড়াও নেদারল্যান্ডসের হয়ে খেলেছেন ২৪ টি-টোয়েন্টি। বিশ্বজুড়ে আটটি লিগে মোট ৩৮২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। রান করেছেন সাড়ে সাত হাজারের বেশি, উইকেট নিয়েছেন ১১৪টি। খেলে গেছেন তিনি বিপিএলেও।