২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছক্কার ডাবল সেঞ্চুরি রোহিতের

প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইশ ছক্কার অনন্য কীর্তি গড়লেন ভারত অধিনায়ক।

ছক্কার ডাবল সেঞ্চুরি রোহিতের
এক ইনিংসের পথে একাধিক রেকর্ড গড়েছেন রোহিত শার্মা। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 09:30 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

অফ স্টাম্পের বাইরে প্যাট কামিন্সের লেংথ বল। হাঁটু গেড়ে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে বল স্টেডিয়ামের ছাদে আছড়ে ফেললেন রোহিত শার্মা। ভারতীয় অধিনায়ক স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইশ ছক্কার অনন্য কীর্তি গড়লেন তিনি। 

নামের পাশে ১৯৫ ছক্কা নিয়ে সেন্ট লুসিয়ায় সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নামেন রোহিত। বিশ্বকাপের সুপার এইটের এই ম্যাচে তৃতীয় ওভারে মিচেল স্টার্ককে ৪টি ছক্কা মেরে দুইশর দুয়ারে পৌঁছে যান তিনি। পঞ্চম ওভারে আরেক পেসার কামিন্সকে ওই ছক্কায় পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়।

রোহিত মাইলফলক ছুঁলেন ১৪৯ ইনিংসে। ছক্কার তালিকায় তার ধারেকাছেও কেউ নেই। ১১৮ ইনিংসে ১৭৩ ছক্কা নিয়ে দুইয়ে আছেন অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল। এই দুজন ছাড়া দেড়শ ছক্কাও নেই আর কারও।

সব সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও রোহিতের, চলতি বিশ্বকাপেই ৬০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি গ্রুপ পর্বে।

এদিন ভিরাট কোহলিকে ছাড়িয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডও নিজের করে নেন রোহিত। ৪ হাজার ১০৩ রান নিয়ে রোহিতের সঙ্গে ইনিংস শুরু করতে নেমে শূন্য রানে ফেরেন কোহলি। ৪ হাজার ৭৩ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে রোহিত ফিফটি পূর্ণ করেন স্রেফ ১৯ বলে।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯২ রানে আউট হন তিনি। ৪১ বলের ইনিংস গড়া ৮ ছক্কা ও ৭ চারে।

এই ইনিংসের পথে আরও একটি রেকর্ড নিজের করে নেন রোহিত। তার ৮ ছক্কা বিশ্বকাপের ম্যাচে ভারতের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। ২০০৭ আসরে ডারবানে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কাসহ ইনিংসে মোট ৭ ছক্কা মেরেছিলেন ইউভরাজ সিং।

বিশ্বকাপে ভারতের হয়ে রোহিতের চেয়ে বড় ইনিংস আছে আর কেবল একটিই। ২০১০ আসরে সেন্ট লুসিয়াতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬০ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন সুরেশ রায়না।