১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে লিটনকে ‘পাচ্ছে না’ বাংলাদেশ

জিম্বাবুয়ে সফরে অভিজ্ঞ এই কিপার-ব‍্যাটসম‍্যানের খেলা নিয়ে শঙ্কা দেখছেন না বিসিবি চিকিৎসক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে লিটনকে ‘পাচ্ছে না’ বাংলাদেশ
লিটন কুমার দাস। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 12:35 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

অধিনায়ক লিটন দাসকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতেও পাচ্ছে না সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ। বিসিবির চিকিৎসক মনজুর হোসেইন চৌধুরি বলেছেন, অভিজ্ঞ কিপার-ব‍্যাটসম‍্যানের সেরে উঠতে এক সপ্তাহের বেশি সময় প্রয়োজন।  

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় কাফ মাসলের চোটে পড়েন লিটন। গত রোববার ব্যক্তিগত ৪৮ রানে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। পরে আবার ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত ছিলেন অভিজ্ঞ ব‍্যাটসম‍্যান।

সেদিন আর মাঠে নামেননি লিটন। ওই চোট নিয়েই টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যান। প্রথম ম‍্যাচে তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন তাওহিদ হৃদয়। সিরিজের বাকি অংশেও তিনিই অধিনায়কত্ব করতে পারেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মনজুর বললেন, পুরোপুরি সেরে উঠতে আরও সময় প্রয়োজন লিটনের। তবে জিম্বাবুয়ে সিরিজে তার খেলা নিয়ে কোনো সংশয় নেই।

“এই ধরনের চোট থেকে সুস্থ হতে সাধারণত ৮ থেকে ১০ দিন লাগে। দুই সপ্তাহ ধরলে জিম্বাবুয়ে সিরিজে তাকে পাওয়া যাবে।”

“মনে হয়, এই সিরিজে (খেলানোর) ঝুঁকি নেবে না। যেহেতু সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে, এটা (দলের সঙ্গে থাকা) ফিজিওরা দেখছে।”

আগামী ২৮ জুন হারারেতে একমাত্র টেস্ট দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে বাংলাদেশ। লাল বলের এই ম্যাচের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।