ছক্কার সেঞ্চুরি ছুঁয়ে সুরিয়াভানশির অনন্য কীর্তি
২০ বছর বয়সের আগে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা হাঁকানো প্রথম ক্রিকেটার হলেন ভারতের বিস্ময় বালক।
প্রথম বলেই মোহাম্মাদ সিরাজের শর্ট ডেলিভারি লং-অনের ওপর দিয়ে ছক্কায় ওড়ালেন বৈভাব সুরিয়াভানশি। ছোট্ট ক্যারিয়ারের স্বপ্নময় পথচলায় আবারও রেকর্ড বইয়ে নাম লেখালেন ভারতের বিস্ময় বালক।
২০ বছর বয়সের আগে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা হাঁকানো প্রথম ক্রিকেটার হলেন সুরিয়াভানশি। ইনিংসের ও বলের হিসাবে দ্রুততম ছক্কার সেঞ্চুরি ছোঁয়ার রেকর্ডও গড়লেন ১৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।
মাইলফলকটি ছুঁতে আইপিএলে শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে একটি ছক্কাই দরকার ছিল সুরিয়াভানশির। বেশি সময় নেননি তিনি। রান তাড়ায় প্রথম ওভারেই পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়।
আগের ম্যাচেও এই হাতছানি ছিল তার সামনে। কিন্তু সেদিন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথম বলে চার মেরে পরের বলে আউট হয়ে যান তিনি।
গুজরাটের বিপক্ষে দারুণ শুরু করলেও তিনি ইনিংস বেশি বড় করতে পারেননি। ৩টি করে চার ও ছক্কায় করেন ১৬ বলে ৩৬ রান।
২০ বছর বয়সের আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এবারের আইপিএলের মাঝেই গড়েন সুরিয়াভানশি। ৫২ ইনিংসে ৯০ ছক্কা মেরে আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের রাহমানউল্লাহ গুরবাজের। সুরিয়াভানশির ১০২ ছক্কা হয়ে গেল স্রেফ ২৯ ইনিংসেই।
৪২ ইনিংসে ৭৩ ছক্কা নিয়ে এই তালিকায় তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। ৫৩টি করে ছক্কা নিয়ে যৌথভাবে চারে নেপালের গুলসান ঝা (৪৯ ইনিংস) ও ভারতের ইশান কিষান (৫২ ইনিংস)।
সুরিয়াভানশির ২০ বছর হবে ২০৩১ সালে। ছক্কার সংখ্যাটা তিনি কোথায় নিয়ে যান, সেটিই দেখার অপেক্ষা।
১০০ ছক্কার মাইলফলক ছুঁলেন তিনি ৫১৪ বল খেলে। আগের দ্রুততম ৮১৭ বল লেগেছিল অস্ট্রিয়ার কারানবির সিংয়ের। ইনিংসের হিসাবেরও আগে রেকর্ডটি ছিল কারানবিরের, ৩৩ ইনিংস।
এবারের আইপিএলে ১১ ইনিংসে সুরিয়াভানশির ছক্কা হয়ে গেল ৪০টি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড নিজের করে নেওয়ার আরও কাছে পৌঁছে গেলেন তিনি। ২০২৪ আসরে ৪২ ছক্কা মেরে রেকর্ডটি আভিশেক শার্মার।
সুরিয়াভানশি পেছনে ফেললেন শ্রেয়াস আইয়ার, ভিরাট কোহলি, সুরিয়াকুমার ইয়াদাভ ও রিশাভ পান্তকে। ২০২৫ আসরে ৩৯ ছক্কা মারেন শ্রেয়াস, ২০১৬ ও ২০২৪ সালে ৩৮টি করে কোহলি। ২০১৮ সালে ৩৭ ছক্কা হাঁকান পান্ত।
চলতি আসরে সুরিয়াভানশির রান এখন ৪৪০। স্ট্রাইক রেট ২৩৬.৫৫!
