২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ দিনের পার্থ টেস্টে যত রেকর্ড ও কীর্তি

পরিসংখ্যানের পাতায় যোগ হয়েছে নতুন নতুন সংখ্যা, বিডিনিউজ টোয়েন্টিফোর পাঠকদের জন্য এর উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো।

২ দিনের পার্থ টেস্টে যত রেকর্ড ও কীর্তি
দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 08:21 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

দীর্ঘ অপেক্ষা শেষে এবার অ্যাশেজের বিখ্যাত ‘ছাইদানি’ ফিরিয়ে নেওয়ার যে হুঙ্কার দিয়েছে ইংল্যান্ড, সেই অভিযানের শুরুটা একদমই ভালো হলো না তাদের। পার্থে দুই ইনিংসেই ব্যাটিং ধসে পড়ে তারা হেরে গেল দুই দিনেই! বাউন্সি উইকেটে অন্তত এক ইনিংসে ইংলিশ বোলাররাও কম যাননি। বোলারদের দাপটের মাঝে দেখা গেছে ট্রাভিস হেডের অসামান্য ব্যাটিং নৈপুণ্যও।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ঐতিহাসিক টেস্ট সিরিজের এই ম্যাচে দারুণ সব কীর্তি আর ঘটনার জন্ম হয়েছে। পরিসংখ্যানের পাতায় যোগ হয়েছে নতুন নতুন অধ্যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর পাঠকদের জন্য এর উল্লেখযোগ্য অংশগুলো তুলে ধরা হলো:

২ দিন- টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুই হাজার ৬০৮টি ম্যাচের মধ্যে এই নিয়ে কেবল ২৬টির ফয়সালা হলো দুই দিনেই। এর সাতটি হয়েছে অ্যাশেজে।

অবশ্য, অ্যাশেজে এর আগে সবশেষ দুই দিনেই ম্যাচ শেষ হয়েছিল ১০৪ বছর আগে-১৯২১ সালে নটিংহ্যামে।

সব মিলিয়ে এই ২৬ টেস্টের ১১টিরই দেখা মিলেছে এই একবিংশ শতাব্দীতে।

৮৪৭- এই ম্যাচে এটাই মোট ডেলিভারি সংখ্যা, ফল হওয়া টেস্ট ম্যাচের হিসেবে নবম সর্বনিম্ন। অ্যাশেজের ইতিহাসে এটা তৃতীয় সর্বনিম্ন; এই তালিকার উপরে দুই স্থানে আছে ১৯৮৮ সালের ৭৮৮ ও ৭৯২ ডেলিভারির ম্যাচ দুটি। 

৬৯- ম্যাচ জয়ী ইনিংসের পথে সেঞ্চুরি ছুঁতে ৬৯ বল লেগেছে ট্রাভিস হেডের, অ্যাশেজের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এবং সব মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে যৌথভাবে তৃতীয় দ্রুততম; ২০১২ সালে ওয়াকায় ভারতের বিপক্ষে সমান ৬৯ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন ডেভিড ওয়ার্নার। 

এই সংস্করণে চতুর্থ ইনিংসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নতুন করে গড়েছেন হেড, ভেঙে দিয়েছেন ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশ ক্রিকেটার গিলবার্ট জেসপের গড়া ৭৬ বলে সেঞ্চুরির আগের রেকর্ড।

৬০- ২০৫ রান তাড়ায় হেড একাই করেছেন ১২৩, ৬০ শতাংশ। টেস্টের ইতিহাসে এখন পর্যন্ত ২০০ এর বেশি সফল রান তাড়ায় ঘটনায় হেডের অবদান শতকরা হিসেবে তৃতীয় সর্বোচ্চ; তার ওপরে আছেন কেবল গর্ডন গ্রিনিজ (৬২.৫৭%) ও মোহাম্মদ ইলিয়াস (৬২.৩৭%)।

অস্ট্রেলিয়ার মাটিতে এটা দ্বিতীয় সর্বনিম্ন দৈর্ঘ্যের টেস্ট ম্যাচ। এই তালিকায় ওপরে আছে ১৯৩২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ম্যাচ, ৬৫৬ বলেই ফল হয়েছিল সেই ম্যাচের।

৭.২৩- চতুর্থ ইনিংসে ওভারপ্রতি ৭.২৩ গড়ে রান তুলেছে অস্ট্রেলিয়া, ২০০ বা এর বেশি সফল রান তাড়ায় যা সর্বোচ্চ। দাপুটে ব্যাটিংয়ে তারা ভেঙে দিয়েছে প্রতিপক্ষেরই রেকর্ড; ২০২২ সালে ট্রেন্ট ব্রিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৯৯ রানের লক্ষ্য তাড়ায় ওভারপ্রতি ৫.৯৮ গড়ে রান তুলে জিতেছিল ইংল্যান্ড।  

১০৩ রানে ১০ উইকেট- এই টেস্টে মিচেল স্টার্কের বোলিং ফিগার। প্রথম ইনিংসে তিনি ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫৮ রানে ৭ উইকেট নেন আর দ্বিতীয় ইনিংসে যোগ করেন আরও তিনটি।

এর আগে অস্ট্রেলিয়ান কোনো পেসার অ্যাশেজে সবশেষ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন ১৯৯১ সালে, ওয়াকায় ক্রেইগ ম্যাকডারমট ১৫৭ রানে শিকার করেছিলেন ১১ উইকেট।

শূন্য রানে ১ উইকেট- পার্থের এই ম্যাচের প্রথম তিন ইনিংসের শুরুটা ছিল এমন- এই প্রথম কোনো টেস্টের প্রথম তিন ইনিংসে স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই ভেঙে যায় উদ্বোধনী জুটি।

১০০- ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার এটা শততম জয়। আর কোনো দল কোনো এক দলের বিপক্ষে কোনো দেশে এর চেয়ে বেশি ম্যাচ জিততে পারেনি। 

এই তালিকায় দ্বিতীয় স্থানেও অস্ট্রেলিয়া। তারা ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭টি ম্যাচ জিতেছে।

১৬৩৯- অস্ট্রেলিয়ায় ৫০ টেস্ট উইকেট পূরণ করতে স্কট বোল্যান্ডের বল লেগেছে এতগুলো, যা নতুন রেকর্ড। ঘরের মাঠে অস্ট্রেলিয়ানদের মধ্যে উইকেটের আগের দ্রুততম ফিফটি স্পর্শ করতে ব্রেট লির লেগেছিল দুই হাজার ৬১ বল।