৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

পিসিবির ম্যাচ রেফারি সরানোর দাবি ‘প্রত্যাখ্যান’ আইসিসির

ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনায় অ্যান্ডি পাইক্রফটের কোনো ভূমিকা নেই বলে পিসিবিকে জানিয়েছে আইসিসি।

পিসিবির ম্যাচ রেফারি সরানোর দাবি ‘প্রত্যাখ্যান’ আইসিসির
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

এশিয়া কাপে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে নেওয়ার যে দাবি তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তা আনুষ্ঠানিকভাবে ‘নাকচ করে দিয়েছে’ আইসিসি। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর, এই সিদ্ধান্ত সোমবার রাতেই পিসিবিকে জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

ক্রিকবাজের মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির অপারেশনস কিংবা আইনি বিভাগ থেকে পাঠানো চিঠিতে পিসিবিকে পরিষ্কার করা হয়েছে যে, ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনায় পাইক্রফটের কোনো ভূমিকা নেই।

গত রোববার গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। একপেশে লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত।

ম্যাচটিতে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। পরে খেলা শেষেও দেখা যায় একই চিত্র।

সুরিয়াকুমারের ছক্কায় জয় নিশ্চিত হওয়ার পর ড্রেসিং রুমে চলে যান ভারতের অন্য খেলোয়াড়রা। মাঠে শিভাম দুবে ও সুরিয়াকুমার একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সোজা ড্রেসিং রুমে ফিরে যান। পাকিস্তানের কোনো ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি তারা।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের দাবি, ভারতীয় ক্রিকেটারদের জন্য মাঠে অপেক্ষা করছিলেন সালমানরা। কিন্তু নিজেদের ড্রেসিং রুমের দরজা নাকি বন্ধ করে রেখেছিল ভারত। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন সালমান।

হাত না মেলানোর বিতর্কিত ঘটনাটির জন্য পাইক্রফটকে দায়ী করে আইসিসির কাছে চিঠি পাঠায় পিসিবি। সেটি নিশ্চিত করেন এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ও পিসিবির প্রধান মহসিন নাকভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে উষ্মা প্রকাশ করে তিনি লেখেন, “ম্যাচ রেফারি কর্তৃক আইসিসির আচরণবিধি ও এমসিসির স্পিরিট অব দা ক্রিকেট সম্পর্কিত আইন লঙ্ঘনের ব্যাপারে আইসিসির কাছে অভিযোগ এনেছে পিসিবি। ম্যাচ রেফারি ক্রিকেটের চেতনার বিরুদ্ধে কাজ করেছেন। এশিয়া কাপ থেকে তাৎক্ষণিকভাবে এই ম্যাচ রেফারির অপসারণ চায় পিসিবি।”

ম্যাচ অফিসিয়ালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পিসিবি অভিযোগ করে যে, সালমানকে নাকি পাইক্রফট টসের সময় সুরিয়াকুমারের সঙ্গে হাত মেলাতে মানা করেছিলেন। তবে আইসিসির দাবি, মাঠে উপস্থিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তাদের থেকে যা জানতে পেরেছেন সালমানকে কেবল তাই জানিয়েছেন পাইক্রফট।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। এ লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন পাইক্রফট। গনমাধ্যমে খবর বের হয়, পাইক্রফটকে না বদলালে ম্যাচটি খেলবে না পাকিস্তান। অবশ্য এই ভাবনা থেকে ইতোমধ্যে সরে এসেছে দলটি, এমন কথাও শোনা যাচ্ছে।

ওমানের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করা পাকিস্তান এখন আরব আমিরাতকে হারাতে পারলেই সুপার ফোরে জায়গা করে নিবে। টানা দুই জয়ে ‘এ’ গ্রুপ থেকে পরের ধাপে উঠে গেছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শুক্রবার ওমানের মুখোমুখি হবে তারা।

চলতি আসরে আরও দুইবার ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।