Published : 07 Dec 2025, 12:53 PM
ক্রিকেট দুনিয়াজুড়ে নানা ভূমিকায় কাজ করে এবার নতুন অধ্যায় শুরু করছেন গ্যারি কার্স্টেন। নামিবিয়া জাতীয় দলের পরামর্শক হিসেবে কাজ করবেন বিশ্বকাপজয়ী কোচ। প্রধান কোচ ক্রেইগ উইলিয়ামসের সঙ্গে মিলে তিনি কাজ করবেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে।
কার্স্টেনের কোচিংয়ে ২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত। তার কোচিংয়েই টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথমবার শীর্ষে উঠেছিল দলটি। নতুন চ্যালেঞ্জ নিয়ে রোমাঞ্চিত ৫৮ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।
“নামিবিয়া ক্রিকেটের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য দারুণ সম্মানের। হাই-পারফরম্যান্স ক্রিকেটীয় আবহ গড়ে তুলতে তাদের নিবেদন ও দৃঢ়প্রতিজ্ঞায় আমি দারুণ মুগ্ধ। তাদের সিনিয়র ছেলেদের দল ভালো পারফর্ম করছে এবং ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাড়তি কিছু যোগ করতে মুখিয়ে আছি আমি।”
সবশেষ তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে নামিবিয়া। জায়গা করে নিয়েছে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপেও। দেশের মাঠে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও খেলার স্বপ্ন দেখছে তারা।
১৯৯৩ থেকে ২০০৪ পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০১ টেস্ট ও ১৮৫ ওয়ানডে খেলেছেন কার্স্টেন। দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। ক্যারিয়ার শেষে তার কোচিংয়ের অধ্যায় শুরু হয় কেপ টাউনে একাডেমি গড়ে। এখন সেই একাডেমি বেশ বিখ্যাত।
২০০৭ সালে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। সেখানে তার সময়টা ছিল সাফল্যে সমৃদ্ধ। পরে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেন। এছাড়া বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি কাজ করেছেন অনেক।
সবশেষ পাকিস্তান জাতীয় দলের সাদা বলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু বোর্ডের সঙ্গে মতবিরোধে সেই দায়িত্ব তিনি ছেড়ে দেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নামিবিয়ার সঙ্গী ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।