২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের ভালো সুযোগ দেখেন সিমন্স

ঘরের মাঠে বাংলাদেশের শক্তিতে আস্থা রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের আশা নতুন প্রধান কোচ ফিল সিমন্সের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 05:39 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

‘বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব কবে পেলেন?’, প্রশ্ন শুনে একটু ভাবলেন ফিল সিমন্স। পরে বললেন, “সম্ভবত সপ্তাহ দেড়েক আগে…।” বেশ দ্রুতই তাই সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। ঝটপট বাংলাদেশে চলে এসে কাজ শুরু করে দিয়েছেন তিনি। এই ছোট্ট সময়েই দলের ওপর প্রবল আস্থা তার জন্মে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন বাংলাদেশের নতুন কোচ। 

সিমন্সের এই আশার পেছনে প্রেরণা মূলত উপমহাদেশে দক্ষিণ আফ্রিকার নাজুক রেকর্ড। প্রায় ১০ বছর ধরে এশিয়ায় কোনো ম্যাচ জেতে না প্রোটিয়ারা। গলে ২০১৪ সালে শ্রীলঙ্কাকে ১৫৩ রানের জয়ই উপমহাদেশে তাদের সবশেষ সাফল্য। এরপর ১৪ ম্যাচে ড্র ৪টি চার পরাজয় বাকি ১০টি।

সাড়ে তিন বছরের বেশি সময় পর আবার এই অঞ্চলে টেস্ট খেলতে এসেছে প্রোটিয়ারা। বাংলাদেশের মাঠে তারা খেলবে প্রায় ৯ বছর পর। ২০১৫ সালে সবশেষ সিরিজের দুই টেস্টেই বাধা দেয় বৃষ্টি, অমীমাংসিতভাবে শেষ হয় সিরিজ। 

এরপর ভারত, শ্রীলঙ্কা বা পাকিস্তানেও কোনো ম্যাচ জিততে পারেনি প্রোটিয়ারা। নতুন সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার এই পরিসংখ্যানকে বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা হিসেবেই দেখছেন সিমন্স। 

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সংবাদ সম্মেলনে অবশ্য সফরকারীদের প্রতি সমীহও জানিয়ে রাখলেন সিমন্স। 

“এটি অবশ্যই ভালো সুযোগ। ঘরের মাঠে বাংলাদেশ ভালো দল। তাই তাদের (বাংলাদেশ) জন্য এটি সিরিজ জেতার খুব ভালো সুযোগ। দক্ষিণ আফ্রিকার মাথায় সেই ভারটা (উপমহাদেশে দশ বছর ধরে না জেতার) আছে। তবে তারা দৃঢ়চেতা দল। তারা এটি (পারফরম্যান্স) বদলাতে কঠিন পরিশ্রম করবে।”

শনিবার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের বাইরে শুরুতে সহকারী কোচদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন সিমন্স। পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে লম্বা আলোচনা করতে দেখা যায় তাকে। সেখানে আর কোনো ক্রিকেটারের সঙ্গে আলাদা কথা বলতে দেখা যায়নি নতুন কোচকে। 

অধিনায়কের সঙ্গে আলোচনার বিষয়বস্তুর কিছুটা ধারণা দিলেন কোচ।

"মূলত অন্য ক্রিকেটারদের ব্যাপারে তার ভাবনা এবং দলকে কীভাবে এগিয়ে নিতে চায়, সে বিষয়ে তার (শান্ত) সঙ্গে আলোচনা ছিল। সোমবারের (প্রথম টেস্টের প্রথম দিন) আগে আমরা কী করব, সেটিও ছিল। প্রথম ম্যাচে আমরা কোন পরিকল্পনায় এগোব। পরস্পরকে আরও ভালোভাবে জানার পর আমরা ওয়ানডে এবং অন্যান্য বিষয় নিয়ে আরও আলোচনা হবে। আপাতত টেস্ট এবং এই দুই ম্যাচ নিয়েই সব।"

বেশ নাটকীয়তার মধ্য দিয়ে বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন সিমন্স। গত মঙ্গলবার চান্দিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করে ক্যারিবিয়ান এই কোচের নাম ঘোষণা করে বিসিবি। পরদিনই বাংলাদেশে চলে আসেন সিমন্স। ঢাকায় পা রাখার একটু পর মাঠে গিয়ে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসদের সঙ্গে কাজ শুরু করে দেন তিনি। 

জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং শুরু করে লম্বা সময় আয়ারল্যান্ডের কোচিং করান সিমন্স। পরে তার কোচিংয়ে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এরপর আফগানিস্তানের দায়িত্ব নেন অভিজ্ঞ এই কোচ। এরপর পাপুয়া নিউ গিনি ঘুরে কিছু দিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করেন সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার। 

আবার জাতীয় দলের কোচিংয়ে ফিরে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পেছনের গল্পটা জানালেন সিমন্স।

“(বাংলাদেশের)তরুণ ক্রিকেটারদের দেখে আগ্রহটা এসেছে মূলত। পাকিস্তানে তারা যেভাবে নিজেদের মেলে ধরেছে। ভারতে টি-টোয়েন্টি সিরিজে তারা ভালো করেনি, তবে তারা বর্তমান সময়ের সেরা দলের বিপক্ষে খেলেছে। তো সেখান থেকেও কিছু নেওয়ার আছে।" 

"সবকিছু মিলিয়েই এই দায়িত্ব, যা আমার ভালো লেগেছে। এছাড়া প্রথমত, তরুণ ক্রিকেটারদের উন্নতি। আর দ্বিতীয়ত টেস্ট, ওয়ানডে- সব কিছু মিলিয়েই দায়িত্বটা। তাই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল না।”

কোচিং দর্শন জানতে চাওয়া হলে সিমন্স বললেন, তিনি ভরসা রাখেন প্রস্তুতিতে। 

“আমার কোচিং দর্শন হলো, প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করো, ফল আসবে। সবসময় আসবে না, তবে ম্যাচে ফল আসবে৷ গত দুই দিন আমি যা দেখেছি, ছেলেরা নিজেদের খেলা, স্কিল ও ফিটনেস নিয়ে অনেক পরিশ্রম করে। এখানে আসার গত কয়েক দিন দেখে আমি খুব খুশি।"