Published : 08 Jun 2026, 04:21 PM
আগের দিনও উইকেট ছিল সবুজাভ। কিন্তু সিরিজ শুরুর আগের দিন প্রেসবক্স থেকেই দেখা যাচ্ছিল উইকেটের বর্ণ খানিকটা বাদামি। পাকিস্তান ও নিউ জিল্যান্ড সিরিজের উইকেটে ছিল ঘাসের ছোঁয়া। দারুণ স্পোর্টিং উইকেটেরও দেখা মিলেছিল। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগের দিন উইকেটের চেহারা একটু ভিন্ন। সংশয়ও তাই জাগল, চরিত্রও কি হবে আলাদা! সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ অবশ্য বললেন, স্পোর্টিং উইকেটই আশা করছেন তারা।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এক সময় এখানকার উইকেটকে ‘ধানক্ষেত’ বলেও ট্রল করা হয়েছে সামাজিক মাধ্যমে। গত কয়েকটি সিরিজে সেই বদনাম ঘুচেছে বটে। তবে এবার সিরিজ শুরুর আগের দিন সেই সময়ের কথা স্মরণ করলেন মেহেদি হাসান মিরাজ।
“একটা জিনিস এ রকম ছিল যে, মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট। মিরপুর মানেই মনে হয় আমরা বাজে উইকেটে খেলেছি।”
এখন যে পরিস্থিতির উন্নতি হয়েছে, সেটা স্পষ্ট অধিনায়কের কথায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এই ধারাবাহিকতা থাকবে বলেও জানান মিরাজ।
“আমার কাছে মনে হয়, (এখন) মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি। আমরা সবশেষ দুই-তিনটা সিরিজ দেখেছি এবং আমার কাছে মনে হয় উইকেট অনেক ভালো আছে। আমরা চেষ্টা করব, ভালো উইকেটে খেলার জন্য।”
“আমাদের সামনে টুর্নামেন্ট (২০২৭ বিশ্বকাপ) আছে। সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে আত্মবিশ্বাস অর্জন করতে পারি, এটা আমাদের দলের জন্য অনেক সাহায্য করবে।”
দলের মানসিকতার কথা মাথায় রেখেই প্রস্তুত করা হচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট। দূর থেকে দেখে যদিও উইকেটের ঘাসের উপস্থিতি ততটা বোঝা যাচ্ছে না, তবে মাঠ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেল, উইকেটে রাখা হয়েছে ৪ মিলিমিটার ঘাস। সঙ্গে আর্দ্রতা ধরে রাখতে তীব্র রোদের মধ্যে উইকেট ঢেকে দেওয়া হয়েছে চাটাই ও হোভার কাভার দিয়ে। মঙ্গলবার ম্যাচ শুরুর আগ মুহূর্তে উইকেটের ঘাস ছেঁটে ৩ মিলিমিটার করা হবে।
তাতে উইকেটে স্পোর্টিং থাকবে বলে জানা গেল। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে তাদের চাহিদা অনুযায়ীই তৈরি হয়েছে এই উইকেট।
মাঠকর্মীদের কথার সঙ্গে খানিকটা মিল পাওয়া যায় অধিনায়ক মেহেদি হাসান মিরাজের কথায়। সোমবার সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বললেন, নিজেদের কন্ডিশনে ফলাফলও নিজেদের পক্ষে আনতে আশাবাদী তারা।
“আমরা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত এবং এই উইকেট সম্পর্কে জানি। আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি আর বোলাররা যেভাবে বোলিং করছে গত দুই-তিনটা সিরিজ এবং ব্যাটসম্যানরাও রান করছে, আমার কাছে মনে হয় দুইটার কম্বিনেশন যদি ভালো থাকে, অবশ্যই আমরা ফল আনতে পারব।”