২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত পাকিস্তান সুপার লিগের বাকি ৮ ম্যাচ।

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত
যে ট্রফির জন‍্য লড়াই করে দলগুলো। ছবি: পাকিস্তান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 10:35 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনায় এবার স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো। ফের কবে খেলা শুরু হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।  

এক বিবৃতিতে শুক্রবার রাতে এই ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই দিন ভারত-পাকিস্তানের চলমান সংঘাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। 

প্রতিবেশি দুই দেশের যুদ্ধ পরিস্থিতির কারণে শুক্রবার ভোরে পিএসএলের বাকি থাকা ৮ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল পিসিবি। কিন্তু ২৪ ঘণ্টা পেরোনোর আগেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো তাদের। 

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, গত ২৪ ঘণ্টা সীমান্তরেখায় পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটেছে। ভারতের অন্তত ৭৮টি ড্রোন পাকিস্তানে অনুপ্রবেশ করেছে। একইসঙ্গে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলাও করছে ভারত।

তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশনা অনুযায়ী আপাতত টুর্নামেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। 

“প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরামর্শের ভিত্তিতে এই পিএসএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের বেপরোয়া আগ্রাসনের ওপর সার্বক্ষণিক নজর রেখেছেন। যা এমন অবস্থায় পৌঁছেছে যেখানে জাতীয় মনোযোগ ও আবেগ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাহসী প্রচেষ্টার ওপর নিবদ্ধ, যারা পাকিস্তানের সার্বভৌমত্বকে জোরালভাবে সমুন্নত রাখছেন।”

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে বৃহস্পতিবার ভারতের ড্রোন হামলার পর থেকেই পিএসএলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকে। তাই প্রাথমিকভাবে সেদিনের পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচটি স্থগিত করা হয়। 

ড্রোন হামলার পরপরই নিরাপত্তা শঙ্কায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন পিএসএলে খেলতে যাওয়া বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেনসহ প্রায় ৪০ জন বিদেশি ক্রিকেটার। তারা দ্রুততম সময়ে পাকিস্তান ছাড়তে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

বিদেশি ক্রিকেটারদের সুরক্ষা বিবেচনায় শুক্রবার রাতে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করে পিসিবি। সেটিতে চড়ে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন রিশাদ, নাহিদসহ বাকি বিদেশি ক্রিকেটাররা। 

শুরুতে ভাবা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে বাকি ম্যাচ খেলে নিজ নিজ দেশে ফিরবেন পিএসএলের বিদেশি ক্রিকেটাররা। তবে বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দুবাই থেকে যত দ্রুত সম্ভব দেশে ফেরার তাড়ায় থাকবেন তারা।