পিএসএলে ফের ব্যর্থ পারভেজ
টানা দ্বিতীয় ম্যাচে অল্প রানে আউট হলেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান।
আগের ম্যাচে ভালো করতে না পারা পারভেজ হোসেন এবারও পারলেন না জ্বলে উঠতে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দ্বিতীয় ম্যাচে অল্প রানে আউট হলেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান।
লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে রোববার করাচি কিংসের বিপক্ষে চারে নেমে এক ছক্কায় ১২ বলে ১২ রান করেন পারভেজ। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল অভিষেকে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ১৩ বলে ১৪ রান করেছিলেন তিনি, সেখানেও ছক্কা একটি।
টস জিতে ব্যাটিং নামা লাহোর চতুর্থ ওভারে ২৮ রানে দ্বিতীয় উইকেট হারালে ক্রিজে যান পারভেজ। এদিনও তার শুরুটা ছিল মন্থর। প্রথম ১০ বলে কেবল ৬ রান করতে পারেন তিনি।
নবম ওভারের প্রথম বলে সালমান আলি আগাকে ছক্কায় উড়িয়ে বল ও রানের ব্যবধান কমান পারভেজ। শর্ট ডেলিভারিটি পুল করে কাউ কর্নারের ওপর দিয়ে গ্যালারিতে ফেলেন তিনি।
পরের বলেই সুইপ শট খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি পারভেজ। বল আঘাত করে তার প্যাডে। করাচির ক্রিকেটারদের আবেদনে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সাড়া দেননি।
সঙ্গে সঙ্গে রিভিউ নেয় করাচি। রিপ্লেতে দেখা যায়, বল আঘাত করত পারভেজের লেগ স্টাম্পে। পরে সিদ্ধান্ত বদল করতে হয় মাঠের আম্পায়ারকে।
পারভেজ ছাড়াও লাহোর কালান্দার্সে আছেন মুস্তাফিজুর রহমান। অভিজ্ঞ বাঁহাতি পেসারও খেলছেন এই ম্যাচে। আগের ম্যাচে ১৯ রানে ১ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছিলেন তিনি।
