২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরএসের ব্যয় আইসিসিকে বহন করতে বললেন স্টার্ক

ডিআরএস প্রযুক্তির ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার।

ডিআরএসের ব্যয় আইসিসিকে বহন করতে বললেন স্টার্ক
মিচেল স্টার্ক। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 04:51 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

চলতি অ্যাশেজে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তির ‘ভুল’ নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। এনিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন মিচেল স্টার্ক। ভবিষ্যতে ডিআরএস নিয়ে বিতর্কের অবসানের জন্য আইসিসির হস্তক্ষেপ প্রয়োজন দেখছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার।

শব্দের মাধ্যমে ব্যাট-বলের স্পর্শ সনাক্তকরণের জন্য দুটি প্রতিষ্ঠানের প্রযুক্তি আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। রিয়েল-টাইম স্নিকো (আরটিএস) ব্যবহৃত হয় শুধু অস্ট্রেলিয়ায়, বাকি বিশ্বে ব্যবহৃত হয় ‘আল্ট্রাএজ’।

এবারের অ্যাশেজের প্রথম টেস্টে জেমি স্মিথের বিতর্কিত আউটের পর থেকে স্নিকোমিটার নিয়ে শুরু হয় সমালোচনা। আর অ্যাডিলেইড টেস্টে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের পর তো রীতিমত ঝড় ওঠে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দলই স্নিকোমিটার নিয়ে অসন্তুষ্ট।

তৃতীয় টেস্টের প্রথম দিন অ্যালেক্স কেয়ারিকে ‘আউট করেও’ স্নিকোমিটারের কারণে উইকেট পায়নি ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় এই প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান বিবিজি স্পোর্টস পরে জানায়, অডিও প্রক্রিয়ার সময় ভুল স্টাম্প মাইক নির্বাচন করেছিলেন স্নিকো অপারেটর এবং সেই ভুলের দায় তারা নিচ্ছেন পুরোপুরি।

এর জন্য অবশ্য ‘সান্ত্বনা পুরস্কার’ দেওয়া হয় ইংল্যান্ডকে। পরদিন তাদের ফিরিয়ে দেওয়া হয় রিভিউটি। ওই দিনই আবার দুই দফায় স্নিকোমিটার নিয়ে তৈরি হয় বিতর্ক। যার একটিতে হতাশ হয় অস্ট্রেলিয়া, আরেকটিতে ইংল্যান্ড। সেদিন স্টাম্প মাইকে শোনা যায় স্টার্ক বলছেন, ‘স্নিকো নিডস টু বি স্যাকড।’

বিতর্কিত সিদ্ধান্তে ভরা অ্যাডিলেইড টেস্টে ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়ে ১১ দিনে অ্যাশেজ জয় নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।

তবে, প্রযুক্তির ভুল হজম করতে পারছেন না স্টার্ক। বিতর্ক এড়ানোর জন্য করণীয় নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি।

“আমি নিশ্চিত, এটা (স্নিকোর ভুল) সবার জন্যই হতাশাজনক, দর্শক, অফিসিয়ালস, সম্প্রচারক, এনিয়ে কোনো সন্দেহ নেই। একটা কথা বলব…আমি কেবল আমার ভাবনাটাই বলছি, অফিসিয়ালরা এটা ব্যবহার করে, তাই না? তাহলে আইসিসি কেন এর খরচ বহন করে না?”

“আর সব বোর্ডে কেন কেবল একটা প্রোভাইডারকে দায়িত্ব দেওয়া হবে না? সব সিরিজে কেন আমরা একই প্রযুক্তি ব্যবহার করছি না, তাহলে সম্ভবত কম বিভ্রান্তিকর হবে, কম হতাশা তৈরি করবে?”

আরটিএস নিয়ে নানা সময়ে আগেও কিছু আপত্তি-অভিযোগের কথা শোনা গেছে। অ্যাডিলেইড টেস্ট চলাকালে চ্যানেল সেভেনের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং সেটিও তুলে ধরেছিলেন।

“আমরা এখানে যে প্রযুক্তি ব্যবহার করছি, অন্যান্য দেশের প্রযুক্তির তুলনায় এটা যথেষ্ট ভালো নয়। আম্পায়ারদের সঙ্গে কথা বলে দেখুন, তারাও এটা বলবে। তারা স্রেফ এটাকে যথেষ্ট বিশ্বাস করতে পারেন না।”

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে যদিও ‘আল্ট্রাএজ’ ব্যবহার করা হচ্ছে। তবে অ্যাশেজের বাকি দুই টেস্টেও আরটিএস দিয়েই কাজ চালাতে হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে।

আগামী শুক্রবার মেলবোর্নে শুরু বক্সিং ডে টেস্ট। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট সিডনিতে, শুরু ৪ জানুয়ারি।