২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ, পাকিস্তানে আটকা ভারতীয় সম্প্রচারকর্মীরা

পিএসএএলে সম্প্রচারের দায়িত্বে থাকা ১২ ভারতীয় ক্রু ও একজন প্রযোজক পাকিস্তানে আটকা পড়েছেন।

ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ, পাকিস্তানে আটকা ভারতীয় সম্প্রচারকর্মীরা
এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ছবি: লাহোর কালান্দার্স ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2025, 04:37 PM

Updated : 26 Aug 2026, 12:35 PM

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নতুন করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দিয়েছে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড।

অন্যদিকে, পিএসএলে সম্প্রচারের দায়িত্বে থাকা ১২ ভারতীয় ক্রু ও একজন প্রযোজক পাকিস্তানে আটকা পড়েছেন। দেশটি ছেড়ে যাবেন কি না, তা নিয়ে দ্বিধাগ্রস্ত তারা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যানকোড আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও পিএসএল সংক্রান্ত সবকিছু তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে তারা। ভারতে পিএসএলের সম্প্রচারের স্বত্ব পাওয়া এই প্ল্যাটফর্মে আসরের প্রথম ১৩টি ম্যাচ সম্প্রচারিত হয়েছিল।

ভারত নিয়ন্ত্রিত পেহেলগামে গত মঙ্গলবারের জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত ও ডজনের বেশি আহত হয়েছেন। এই ঘটনায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে একটি সংগঠন দায় স্বীকার করেছে। এই সংগঠনটি পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। 

ভারত ও পাকিস্তান এরই মধ্যে তাদের নিজ নিজ দেশে ভ্রমণকারী একে অপরের নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করেছে এবং তাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তাতে বিপাকে পড়েছেন পিএসএলে সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতীয় সম্প্রচারকর্মীরা। 

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা মনে করছেন, ভিসা বাতিলে সম্প্রচারকর্মীদের ওপর কোনো প্রভাব পড়বে না, কারণ তাদের কাগজপত্রে বিশেষ সুবিধা আছে। 

ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, “ভারতীয় নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও সম্প্রচারে নিয়োজিত কর্মীদের ওপর তা কার্যকর হয়নি। কারণ, বিকল্প ব্যবস্থাও নেওয়া হবে। আগামীকালের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

এছাড়া ভারতীয় সম্প্রচারকর্মীদের মধ্যে পাঁচ জনের সংযুক্ত আরব আমিরাতে বসবাসের অনুমতি আছে। তারা ভারতে ফিরবেন না এবং ভ্রমণ নিষেধাজ্ঞাও তাদের ওপর কার্যকর হবে না।

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এক যুগের বেশি সময় ধরে। এখন স্রেফ বিশ্বকাপ কিংবা এশিয়া কাপে দেখা হয় তাদের।