২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবর যেভাবে ফিরতে পারেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলে

টি-টোয়েন্টি দলে ফেরার জন্য পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যানকে কিছু জায়গায় উন্নতির পরামর্শ দিয়েছেন কোচ মাইক হেসন।

বাবর যেভাবে ফিরতে পারেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলে
এশিয়া কাপের পাকিস্তান দলে সুুযোগ পাননি বাবর আজম। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 12:26 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে যেন না থেকেও আছেন বাবর আজম। তিনি বাদ পড়ার পর যে কোনো সিরিজের দল ঘোষণার আগে ও পরে তাকে নিয়ে আলোচনা হয় তুমুল। এবারও যেমন হচ্ছে। সেটির জবাবও দিয়েছেন মাইক হেসন। পাকিস্তানের কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি দলে ফিরতে হলে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি করতে হবে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।

গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে আর জায়গা পাননি বাবর। এশিয়া কাপের মতো বড় আসরে অভিজ্ঞতার জন্য তাকে ফেরানো হতে পারে বলে একটি ধারণা ছিল পাকিস্তানের ক্রিকেট আঙিনায়। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বাবর ও বাইরে থাকা আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান সুযোগ পাননি এশিয়া কাপেও। 

এই সংস্করণে পাকিস্তানের হয়ে রেকর্ড ১২৮ ম্যাচ খেলে ৪ হাজার ২২৩ রান করেছেন বাবর। পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যানের সাড়ে তিন হাজার রানও নেই।

তবে বাদ পড়ার আগে টানা ১১ ইনিংসে ফিফটি ছিল না বাবরের। এমন নয় যে তিনি রানের খরায় ছিলেন। এই ১১ ইনিংসের ৭টিতেই পেরিয়ে গিয়েছিলেন ৩০। তবে এই সময়টায় তার স্ট্রাইক রেট ছিল ১১৯.১১।

তার ক্যারিয়ার স্ট্রাইক রেটও এই সময়ের বিবেচনায় টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য খুব আদর্শ নয় (১২৯.২২)।

এশিয়া কাপের দলে বাবরকে না রাখা নিয়ে প্রশ্নে সুস্পষ্ট উত্তরই দিলেন কোচ হেসন।

“কোনো সংশয় নেই যে, বাবরকে কিছু জায়গায় উন্নতি করতে বলা হয়েছে। যেমন, স্পিনের বিপক্ষে চড়াও হওয়া ও তার সামগ্রিক স্ট্রাইক রেটের ক্ষেত্রে। এই জায়গাগুলিতে উন্নতি করতে সে কঠোর পরিশ্রম করছে।”

“এই মুহূর্তে আমাদের যে ক্রিকেটাররা আছে এখানে, তারা অসাধারণ পারফর্ম করছে। সাহিবজাদা ফারহান সবশেষ ছয় ম্যাচে তিনটি ম্যাচ-সেরার পুরস্কার জিতেছে। বাবরের মতো ক্রিকেটারদের সুযোগ আছে, সামনে  সে বিগ ব্যাশে খেলবে এবং সেখানে দেখাতে পারে যে, এই জায়গাগুলোয় সে উন্নতি করেছে। এত ভালো একজন ক্রিকেটারকে বিবেচনায় না রাখার কারণ নেই।”

পাকিস্তানকে ৮৫ টি-টোয়েন্টি নেতৃত্ব দেওয়া বাবর প্রথমবারের মতো বিগ ব্যাশ খেলবেন সামনের আসরে। ৩০ বছর বয়সী ব্যাটসম্যানকে দেখা যাবে সিডনি সিক্সার্সের হয়ে, যেখানে তিনি সঙ্গী হিসেবে পাবেন স্টিভেন স্মিথকে।