২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ওয়ানডেতে ১৮২ রানের ইনিংসে ম্যাথিউসের রেকর্ড

এই সংস্করণে সবশেষ চার ইনিংসে তিনটি সেঞ্চুরি করলেন ক্যারিবিয়ান অধিনায়ক।

ওয়ানডেতে ১৮২ রানের ইনিংসে ম্যাথিউসের রেকর্ড

ওয়ানডে ক্যারিয়ারে ১৩তম সেঞ্চুরির স্বাদ পেলেন হেইলি ম্যাথিউস। ছবি: উইন্ডিজ ক্রিকেট ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 10:28 PM

Updated : 24 Sep 2026, 10:28 PM

দলের ইনিংস শুরু করতে নেমে শেষ ওভার পর্যন্ত খেললেন হেইলি ম্যাথিউস। মাঝের সময়টুকুতে জিম্বাবুয়ের বোলারদের গুঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক উপহার দিলেন দুর্দান্ত এক ইনিংস। তার নাম লেখা হয়ে গেল ইতিহাসের পাতায়।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৬ বলে ১৮২ রান করেন ম্যাথিউস। ২৬ চার ও দুই ছক্কায় গড়া ২৮ বছর বয়সি ওপেনারের ইনিংসটি।

উইমেন’স ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এটিই সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল স্টেফানি টেইলরের ১৭১, ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

হারারেতে বৃহস্পতিবার টেইলরকে সাক্ষী রেখেই তার রেকর্ডটি নিজের করে নিলেন ম্যাথিউস। টেইলর এ দিন আউট হন ১০ বলে ২ রান করে।

এই সংস্করণে অবিশ্বাস্য ফর্মে আছেন ম্যাথিউস। সবশেষ চার ইনিংসে তার সেঞ্চুরি হলো তিনটি।

গত জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে তার ব্যাট থেকে আসে ১২৩ বলে অপরাজিত ১৫৯ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে তিনি করেন ৯৪ বলে ১০০ রান। শেষ ম্যাচে যদিও দুই অঙ্কে যেতে পারেননি। পরের ইনিংসেই এবার খেললেন রেকর্ড গড়া ইনিংস।

ওয়ানডে ক্যারিয়ারে ১০৯ ম্যাচে তার সেঞ্চুরি হলো মোট ১৩টি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড আরও সমৃদ্ধ করলেন তিনি। ১০টি সেঞ্চুরি নিয়ে তালিকায় দুই নম্বরে আছেন টেইলর।

বিশ্বরেকর্ডের তালিকায় ম্যাথিউসের ওপরে আছেন কেবল ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা (১৪টি) ও সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিং (১৫টি)।

ম্যাথিউসের রেকর্ড গড়া ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে করে ৬ উইকেটে ২৯৯ রান। জবাবে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ২০০ রানে। ৯৯ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ক্যারিবিয়ানরা।