শ্রেয়াসের বিধ্বংসী সেঞ্চুরিতে উইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে ভারত
খুনে ব্যাটিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন ভারত অধিনায়ক, বড় জয় পেল তার দল।
ভারতের জয়ের জন্য প্রয়োজন তখন ৭ রান, আর শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরির জন্য দরকার ৫। স্পিনার রস্টন চেইসের ঝুলিয়ে দেওয়া বলটিকে লং-অনের ওপর দিয়ে বিশাল ছক্কায় উড়িয়ে মাইলফলক স্পর্শ করলেন ভারত অধিনায়ক। পরের বলেই ম্যাচের সমাপ্তি।
প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত।
লখনৌতে মঙ্গলবার ক্যারিবিয়ানরা পাঁচ বল বাকি থাকতে অলআউট হয় ১৭১ রানে। সেই রান ভারত টপকে যায় ৩২ বল হাতে রেখেই।
১০ চার ও ছয় ছক্কায় ৪৩ বলে ১০২ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন শ্রেয়াস। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন দুজন। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অপরাজিত ১৬২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা অধিনায়ক শেই হোপ এবার টি-টোয়েন্টিতে করেন ৩৭ বলে ৫২।
পাঁচ নম্বরে নেমে ৩৪ বলে ৫৬ রান করেন শেরফেন রাদারফোর্ড। সফরকারীদের আর কেউ ১৫ ছাড়াতে পারেননি।
দারুণ বোলিং করেন ভারতের স্পিনাররা। তিন স্পিনার মিলে নেন ৭ উইকেট। অভিষেকে অফ স্পিনে ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার নামান ধীর।
(বিস্তারিত আসছে)
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.১ ওভারে ১৭১ (হোপ ৫২, পুরান ১২, হেটমায়ার ৫, পাওয়েল ০, রাদারফোর্ড ৫৬, চেইস ৫, শেফার্ড ৭, ফোর্ড ২, স্প্রিঙ্গার ৯, আকিল ১৫, শামার ০*; আর্শদিপ ৪-০-৩৪-১, মায়াঙ্ক ৪-০-৪০-১, আকসার ৩.১-১-২৬-২, কুলদিপ ৪-০-৩৩-২, নামান ৪-০-৩১-৩)
ভারত: ১৪.৪ ওভারে ১৭২/২ (স্যামসন ১১, আভিশেক ২১, কিষান ৩৭*, শ্রেয়াস ১০২*; ফোর্ড ২-০-৩৯-০, আকিল ৪-০-৩৭-১, চেইস ৩.৪-০-৩৭-১, শামার ২-০-২৩-০, শেফার্ড ২-০-২৪-০, স্প্রিঙ্গার ১-০-১২-০)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ভারত
ম্যান অব দা ম্যাচ: শ্রেয়াস আইয়ার
