লড়াই করে ভারতের কাছে হেরে গেল ওমান
আমির কালিম ও হাম্মাদ মির্জার চমৎকার ইনিংসে অবিশ্বাস্য কিছুর আশা জাগালেও শেষ পর্যন্ত পেরে উঠল না আইসিসির সহযোগী দেশটি।
ইতিহাস, ঐতিহ্য কিংবা শক্তিমত্তায় দুই দলের পার্থক্য বিশাল। তবে মাঠের লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ লড়াই করল ওমান। আমির কালিম ও হাম্মাদ মির্জার চমৎকার ইনিংসে অবিশ্বাস্য কিছুর আশাও জাগাল তারা। শেষ পর্যন্ত অবশ্য পেরে উঠল না। টানা তিন জয়ে এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ করল টি-টোয়েন্টির এক নম্বর দল ভারত।
আবু ধাবিতে শুক্রবার বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ২১ রানে। তাদের ১৮৮ রানের জবাবে ওমান করে ১৬৭। আট জন বোলার ব্যবহার করেও ভারত উইকেট নিতে পারে কেবল চারটি।
একপর্যায়ে ৯ উইকেট হাতে রেখে ওমানের প্রয়োজন ছিল ১৬ বলে ৪০ রান। তবে কালিম ও হাম্মাদের বিদায়ের পর আশাও শেষ হয়ে যায় তাদের।
৪৩ বছর বয়সী কালিম ৭ চার ও ২ ছক্কায় করেন ৪৬ বলে ৬৪। তিনে নেমে ৫ চার ও ২ ছক্কায় ৩৩ বলে ৫১ রান করেন হাম্মাদ। দ্বিতীয় উইকেটে তাদের ৯৩ রানের জুটি আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে ওমানের সর্বোচ্চ।
ভারতের হয়ে ফিফটি করেন সাঞ্জু স্যামসন (৪৫ বলে ৫৬)। ম্যাচের সেরাও তিনি। ১৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন আভিশেক শার্মা।
দলের ৮ উইকেট পড়ে গেলেও বিস্ময়করভাবে ব্যাটিংয়ে নামেননি ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।
সুপার ফোরের ফয়সালা আগেই হয়ে যাওয়ায় ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। বোলিং বিভাগের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ ও টি-টোয়েন্টির এক নম্বর বোলার ভারুন চক্রবর্তিকে বিশ্রাম দিয়ে আর্শদিপ সিং ও হার্শিত রানাকে একাদশে রাখে ভারত।
জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে শুবমান গিলকে হারায় তারা। আভিশেক তোলেন ঝড়। পাওয়ার প্লেতে ভারত করে ১ উইকেটে ৬০ রান।
অষ্টম ওভারে আভিশেকের ঝড় থামান জিতেন রামানানদি। হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবে ভালো করতে পারেননি। মাঝে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন আকসার প্যাটেল।
দলকে এগিয়ে নেন মূলত স্যামসন। ফিফটি করেন তিনি ৪১ বলে। অষ্টাদশ ওভারে থামে তার ইনিংস। তিলাক ভার্মা (১৮ বলে ২৯) ও হার্শিতের (৮ বলে ১৩*) ক্যামিওতে ১৮৮ পর্যন্ত যেতে পারে ভারত।
বল হাতে ২ উইকেট নেওয়া কালিম ব্যাটিংয়ে দ্বিতীয় বলে চার মেরে শুরু করেন। শুরুতে রানের গতি যদিও তেমন একটা ছিল না ওমানের। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তারা করে ৪৪ রান।
নবম ওভারে অধিনায়ক জাতিন্দার সিংয়ের (৩৩ বলে ৩২) বিদায়ে ভাঙে ৫৬ রানের শুরুর জুটি। কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে তাদের প্রথম পঞ্চাশ ছোঁয়া উদ্বোধনী জুটি এটি।
প্রথম ১০ ওভারে ওমানের রান ছিল ১ উইকেটে ৬২। এরপর রানের গতিতে দম দেন কালিম ও হাম্মাদ। দলের শতরান স্পর্শ করে চতুর্দশ ওভারে।
কালিম ফিফটি পূর্ণ করেন ৩৮ বলে। পঞ্চাশ ছোঁয়ার পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে তার উদযাপনও নজর কাড়ে আলাদা করে।
টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে সবচেয়ে বেশি বয়সে পঞ্চাশ ছোঁয়া ইনিংসের কীর্তি এখন কালিমের (৪৩ বছর ৩০৩ দিন)। তিনি পেছনে ফেললেন মোহাম্মাদ নাবিকে। একই মাঠে আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ বছর ২৬০ দিন বয়সে ৬০ রানের ইনিংস খেলেছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার।
২৪ রানে জীবন পাওয়ার পর কুলদিপ ইয়াদাভকে পরপর দুটি ছক্কা মারেন হাম্মাদ।
শেষ তিন ওভারে ওমানের দরকার ছিল ৪৮ রান। অষ্টাদশ ওভারের প্রথম দুই বলে হার্শিতকে চার মেরে চতুর্থ বলে বাউন্ডারিতে পান্ডিয়ার দারুণ ক্যাচে আউট হয়ে যান কালিম। পরের ওভারে একটি চার মেরে বিদায় নেন হাম্মাদও। এরপর শুধু পরাজয়ের ব্যবধান কমাতে পারে ওমান।
শেষ ওভারে একটি উইকেট নিয়ে এই সংস্করণে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন আর্শদিপ। এই অর্জনে পেসারদের মধ্যে দ্রুততম তিনি (৬৪ ম্যাচ)। তার চেয়ে কম ম্যাচ লেগেছিল কেবল দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৬৩) ও রাশিদ খানের (৫৩)।
প্রথমবার এশিয়া কাপে অংশ নিয়ে তিন ম্যাচের সবগুলো হারল ওমান। ভারত সুপার ফোর পর্ব শুরু করবে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৮৮/৮ (আভিশেক ৩৮, গিল ৫, স্যামসন ৫৬, পান্ডিয়া ১, আকসার ২৬, দুবে ৫, তিলাক ২৯, হার্শিত ১৩*, আর্শদিপ ১, কুলদিপ ১*; শাকিল ৩-০-৩৩-০, ফয়সাল ৪-১-২৩-২, নাদিম ১-০-১৯-০, রামানানদি ৪-০-৩৩-২, শ্রিভাস্তাভা ২-০-২৩-০, জিকরিয়া ৩-০-২৩-০, কালিম ৩-০-৩১-২)
ওমান: ২০ ওভারে ১৬৭/৪ (জাতিন্দার ৩২, কালিম ৬৪, হাম্মাদ ৫১, জিকরিয়া ০*, শুক্লা ১, রামানানদি ১২*; পান্ডিয়া ৪-০-২৬-১, আর্শদিপ ৪-০-৩৭-১, হার্শিত ৩-০-২৫-১, কুলদিপ ৩-০-২৩-১, আকসার ১-০-৪-০, দুবে ৩-০-৩১-০, তিলাক ১-০-৮-০, আভিশেক ১-০-১২-০)
ফল: ভারত ২১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাঞ্জু স্যামসন
