২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের প্রস্তুতি ম‍্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল‍্যান্ড ও আয়ারল‍্যান্ড

৬ জুন নিউ জিল‍্যান্ডের বিপক্ষে এবং ৯ জুন আয়ারল‍্যান্ডের বিপক্ষে খেলবে নিগার সুলতানার দল।

বিশ্বকাপের প্রস্তুতি ম‍্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল‍্যান্ড ও আয়ারল‍্যান্ড
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 08:37 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ৩০ দিন আগে প্রস্তুতি ম‍্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ৬ থেকে ১০ জুনের মধ‍্যে হবে ১২টি ম‍্যাচ। গত আসরের ফাইনালিস্ট নিউ জিল‍্যান্ড ও বাছাই পেরিয়ে আসা আয়ারল‍্যান্ডের বিপক্ষে দুটি ম‍্যাচ খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরির জন্মস্থান লাফবরায় আগামী ৬ জুন নিউ জিল‍্যান্ড ও এর তিন দিন পর আয়ারল‍্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। 

বিশ্বকাপে এবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। 

আসর শুরু হবে ১২ জুন। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭ জুন লিডসে খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে, ২০ জুন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে, একই মাঠে পরের ম্যাচ ভারতের বিপক্ষে এবং ২৮ জুন লর্ডসে লড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ। দেশ ছাড়বেন তারা আগামী ২৫ মে।