অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই বাটলার, ইংল্যান্ডের নেতৃত্বে সল্ট
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বেশ কয়েকজনকে রেখেছে ইংল্যান্ড।
পায়ের পেশির চোট থেকে এখনও সেরে ওঠেননি জস বাটলার। ফলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক। তার অনুপস্থিতিতে এই সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন ফিল সল্ট।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। দুই সংস্করণের দলেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বেশ কয়েকজনকে রেখেছে তারা।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে বাটলার সবশেষ খেলেন গত জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারা সেমি-ফাইনালে। পরের মাসেই দা হান্ড্রেডের জন্য প্রস্তুতির সময় চোট পান তিনি। ভাইটালিটি ব্লাস্টের কোয়ার্টার-ফাইনালে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত চোট তাকে সেই সুযোগ দেয়নি।
চোট সমস্যা আরও বেড়ে যাওয়ায় গ্রীষ্মের বাকি অংশে আর মাঠে নাও নামতে পারেন বাটলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তাকে রাখা হলেও শুরুর দিকে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তখন ইংলিশদের নেতৃত্ব দিতে পারেন হ্যারি ব্রুক।
এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না পাওয়া কিপার-ব্যাটসম্যান জর্ডান কক্সকে ওয়ানডে দলে কাভার হিসেবে রাখা হয়েছে। তিনি এখন টেস্টে দলের সঙ্গে আছেন। আর টি-টোয়েন্টি দলে একই ভাবনায় রাখা রয়েছে এই সংস্করণে এখনও দেশের হয়ে না খেলা জেমি ওভারটনকে।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটসম্যান জ্যাকব বেথেল ও পেসার জন টার্নার ডাক পেয়েছেন দুই সংস্করণেই। ২০ বছর বয়সী বেথেল ১৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে রান করেছেন ২৪.২১ গড়ে ৩৩৯। আর ৪৪ টি-টোয়েন্টিতে ১৩৮.১৮ স্ট্রাইক রেটে ৭৩১। টার্নারের লিস্ট ‘এ’ তে উইকেট ১৭ ম্যাচে ৩৫টি এবং টি-টোয়েন্টিতে ২৭ ম্যাচে ৪২টি।
শ্রীলঙ্কার বিপক্ষে ওভাল টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করতে যাওয়া জশ হালও আছেন দুই সংস্করণের দলে। ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই পেসারের লিস্ট ‘এ’ উইকেট ১৭টি, আর টি-টোয়েন্টির উইকেট ২৪টি।
২৩ বছর বয়সী অলরাউন্ডার ড্যান মোসলি ডাক পেয়েছেন টি-টোয়েন্টিতে। আন্তর্জাতিক ক্রিকেটে পা না রাখা ক্রিকেটার এই সংস্করণে ৬২ ম্যাচ খেলে ১৩০.৫৪ স্ট্রাইক রেটে করেছেন এক হাজার ১২৪ রান। অফ স্পিনে উইকেট নিয়েছেন ৪৮টি।
এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে খেলার হাতছানি জফ্রা আর্চারের সামনে। এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন তিনি ২০২৩ সালে মার্চে, বাংলাদেশের বিপক্ষে।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাঠের লড়াই শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ম্যাচ তিনটি হবে আগামী ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর। দুই দলের পাঁচ ওয়ানডে মাঠে গড়াবে ১৯, ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: ফিল সল্ট (অধিনায়ক), জফ্রা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মোসলি, জেমি ওভারটন, আদিল রাশিদ, রিস টপলি, জন টার্নার।
ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি, জন টার্নার।
