বৃষ্টি আর মন্থর ব্যাটিংয়ের দিনে ব্র্যাথওয়েট-চন্দরপলের ফিফটি
বুলাওয়ায়ো টেস্টের প্রথম দিন ৫১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ১১২ রান।
শুকনো উইকেট। বোলারদের জন্য নেই তেমন কোনো সহায়তা। ব্যাটিংবান্ধব পিচে রান উৎসব যদিও হলো না। মন্থর ব্যাটিংয়ে ফিফটি করলেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও তেজনারাইন চন্দরপল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ পেল শক্ত ভিত।
বুলাওয়ায়ো টেস্টের প্রথম দিনের শেষ সেশন বৃষ্টিতে ভেস্তে গেছে। শনিবার খেলা হওয়া ৫১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ১১২।
দুই ওপেনারই অপরাজিত আছেন ৫৫ রানে। চন্দরপল খেলেছেন ১৭০ বল, ব্র্যাথওয়েট ১৩৮ বল।
জিম্বাবুয়ের জার্সিতে এ দিন টেস্ট অভিষেক হয়েছে চার জনের- ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, টানুনুরওয়া মাকোনি ও টাফাদজওয়া সিগা। এছাড়া ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার পুনরুজ্জীবিত করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার পর এবার সুযোগ পেয়ে গেছেন সাদা পোশাকে।
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নামে টস জিতে। সকালে বেশ ভালো বোলিং করেন জিম্বাবুয়ের পেসাররা। দুই ওপেনারকে অস্বস্তিতেও ফেলেন কয়েকবার। কট বিহাইন্ড ও এলবিডব্লিউয়ের আবেদনও হয়। তবে আম্পায়ারের সাড়া মেলেনি। সিরিজে ডিআরএস না থাকায় জিম্বাবুয়ে নিতে পারেনি রিভিউ।
প্রথম ঘণ্টায় ১৪ ওভারে চন্দরপল ও ব্র্যাথওয়েট যোগ করেন ২৮ রান, লাঞ্চের আগ পর্যন্ত ২৭ ওভারে ৫৪।
দ্বিতীয় সেশনে ব্র্যাথওয়েট ফিফটি পূর্ণ করেন ১১৬ বলে। পঞ্চাশ ছুঁতে চন্দরপলের লাগে ১৬৫ বল। ওয়েস্ট ইন্ডিজের রান একশ স্পর্শ করে ৪৭ ওভারে।
খানিক পরই নামে বৃষ্টি। চা-বিরতি নেওয়া হয় আগেভাগে। পরে বৃষ্টি থামলে খেলা শুরু হওয়ার সম্ভাবনা জাগে। কিন্তু আবার বৃষ্টি নামলে সেই সম্ভাবনারও সমাপ্তি ঘটে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫১ ওভারে ১১২ /০ (ব্র্যাথওয়েট ৫৫*, চন্দরপল ৫৫*; এনগারাভা ৯-২-২৩-০, নিয়াউচি ১৫-৫-২৭-০, ইভান্স ১১-১-৩১-০, মাসাকাদজা ৯-৫-১৩-০, মাভুটা ৭-১-১৮-০)
