২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেটিংয়ে সাকিবকে ছাড়িয়ে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাইজুল

আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2023, 07:24 PM

Updated : 06 Dec 2023, 07:24 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তাইজুল ইসলামের দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার।

ছেলেদের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। চার ধাপ এগিয়ে ১৪ নম্বরে আছেন তাইজুল।

তার রেটিং পয়েন্ট এখন ৭০৮, বাংলাদেশের কোনো বোলারের যা সর্বোচ্চ। তাইজুল ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। বর্তমানে আঙুলের চোটে বাইরে থাকা সাকিব ২০১৭ সালে ৭০৫ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন।

সিলেটে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের স্মরণীয় জয়ের নায়ক ছিলেন তাইজুল। ম্যাচে ১০ উইকেট নিয়ে তিনি হন ‘ম্যান অব দা ম্যাচ’। দেশের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

দলের ওই জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখা ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও উন্নতি হয়েছে র‍্যাঙ্কিংয়ে। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ৪২ নম্বরে আছেন তিনি।

ওই ম্যাচে দ্বিতীয় ইনিংসে দারুণ শতক উপহার দেন শান্ত। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট নেতৃত্বের অভিষেকে শতকের কীর্তি গড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। সিলেটে দলের হারের ম্যাচে প্রথম ইনিংসে শতক করেন তিনি। এক ধাপ এগিয়ে সাতে উঠেছেন তার সতীর্থ ড্যারিল মিচেল।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। চূড়ায় আছেন যথারীতি ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারদের তালিকায় আগের মতো শীর্ষে আছেন ভারতেরই রবীন্দ্র জাদেজা।