কেমন হবে ফাইনালের উইকেট
ফাইনালের আগের দিন ভারতের সহ-অধিনায়ক শুবমান গিল বললেন, ‘আমাদের খুব ভালো ধারণা আছে, এই ধরনের উইকেটে কীভাবে খেলতে হয়।”
সেমি-ফাইনাল বা ফাইনালের মতো ম্যাচগুলি নিয়ে বাড়তি একটা আগ্রহ থাকে সবসময়ই। তবে এবার খুব একটা নেই সম্ভবত কারও। সবাই তো জানেই, উইকেটে আচরণ কেমন হবে, কারা সেখানে সহায়তা পাবে! ফাইনালের আগের দিন ভারতের সহ-অধিনায়ক শুবমান গিলও পরিষ্কার বলে দিলেন, আগের ম্যাচগুলোর উইকেটের চেয়ে ভিন্ন কিছু তারা আশা করছেন না ফাইনালে।
একটা কৌতূহল অবশ্য উইকেট নিয়ে ছিল, ব্যবহৃত কোনো উইকেটে খেলা হবে নাকি তরতাজা উইকেটে। সেটির উত্তরও মিলেছে। ভারত-পাকিস্তান ম্যাচটি হয়েছিল যে উইকেটে, সেই ২২ গজেই হবে রোববার ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ।
দুবাইয়ের অন্য তিন ম্যাচের মতো সেই ম্যাচেও উইকেট ছিল মন্থর। সহায়তা পেয়েছেন স্পিনাররা। পাকিস্তান আটকে গিয়েছিল ২৪১ রান। ভিরাট কোহলির নিয়ন্ত্রিত সেঞ্চুরিতে ভারত ৬ উইকেটে জিতেছিল ৪৫ বল বাকি রেখে।
দুবাইয়ে এবার ফাইনালের আগের চার ম্যাচ হয়েছে চারটি ভিন্ন উইকেটে। ফাইনাল ম্যাচ তাহলে কেন ব্যবহৃত উইকেটে হচ্ছে, সেই প্রশ্ন উঠছে। উইকেট এমনিতেই মন্থর, সেখানে ব্যবহৃত উইকেট আরও স্পিন ধরার কথা। তবে দুই সপ্তাহের ‘বিশ্রাম নীতি’ অনুসরণ করেই বেছে নেওয়া হয়েছে এই উইকেট।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে যে চারটি উইকেটে খেলা হয়েছে, সবকটি উইকেটকেই ম্যাচের আগে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। এই সময় পরিচর্যা করে তৈরি করা হয়েছে ম্যাচের জন্য। ভারত-পাকিস্তানের ম্যাচটি হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি। এর ঠিক দুই সপ্তাহের মাথায় হচ্ছে ফাইনাল। উইকেট তাই তরতাজা উইকেটের মতো থাকবে বলেই ধারণা দেওয়া হয়েছে কিউরেটরের পক্ষ থেকে।
একটি শঙ্কার ছবি অবশ্য মিলে ধরেছে আবহাওয়া। গত কয়েকদিন ধরেই দুবাইয়ে রোদের তেজ বেড়েছে বেশ। ফাইনালের আগের দিনও ছিল প্রচণ্ড গরম। তাতে উইকেট আরও শুষ্ক হয়ে উঠতে পারে। যদিও দিনের বেশির ভাগ সময় উইকেট ঢেকে রাখা হয়েছিল। তার পরও শঙ্কা থাকছেই।
ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে শুবমান গিল অবশ্য বললেন, আবহাওয়ার প্রভাব উইকেটে ততটা পড়বে না।
“আমার মনে হয় না উইকেটের আচরণ ভিন্ন কিছু হবে। এখনও পর্যন্ত এখানে ৩০০ রানের দলীয় সংগ্রহ দেখা যায়নি এখানে। আবহাওয়া যেমনই থাকুক, উইকেট একইরকম থাকবে, যে ধরনের উইকেটে এখানে আমরা খেলে আসছি। দল হিসেবে আমাদের খুব ভালো ধারণা আছে যে, এই ধরনের উইকেটে কীভাবে খেলতে হয় বা বল করতে হয়।”
যেটির মানে, আরও একবার দুবাইয়ে স্পিন সামলানোর পরীক্ষায় পড়তে হবে ব্যাটসম্যানদের। ভারত আবারও নিশ্চিতভাবেই একাদশ সাজাবে চার স্পিনার নিয়ে। গ্রুপ পর্বে এই দুই দলের লড়াইয়ে এখানে পাঁচ উইকেট শিকার করেছিলেন ভরুন চক্রবর্তি। ফাইনালেও তিনি বড় হুমকি হবে কিউই ব্যাটসম্যানদের জন্য। অন্য তিন স্পিনার তো আছেনই।
নিউ জিল্যান্ড দলেও অধিনাখ মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে আছেন গ্লেন ফিলিপস ও রাচিনা রাভিন্দ্রা। ফাইনালের নিয়ামক হতে পারেন তারাও।
