Published : 03 Apr 2026, 04:20 PM
সানরাইজার্স হায়দরাদের বিপক্ষে ভারুন চক্রবর্তিকে পাওয়ার প্লেতে বোলিংয়ে আনা একদমই পছন্দ হয়নি ইরফান পাঠানের। এজন্য তিনি কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানের কড়া সমালোচনা করেছেন।
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে রহস্য স্পিনার ভারুন ছিলেন ভারতের আরেক ‘চিট কোড।’ জাসপ্রিত বুমরাহর সমপর্যায়ে দেখা হচ্ছিল তাকে। বিশ্বকাপের মাঝপথে পাল্টে যায় চিত্র।
হায়দরাবাদের বিপক্ষে খেলার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচে ২৩ ওভার বোলিং করে ভারুনের খরচ ছিল ২৭৩ রান। ম্যাচগুলোয় ওভারপ্রতি তিনি দেন ১১.৮৬ রান করে। পুরুষদের টি-টোয়েন্টিতে ছয় ম্যাচে অন্তত ২০ ওভার বোলিং করেছেন, এমন বোলারদের ক্ষেত্রে যা সবচেয়ে খরুচে।
হায়দরাবাদের বিপক্ষে দুই ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ভারুন। পঞ্চম ওভারে আক্রমণে এসে দুই ছক্কা ও তিন চারে খরচ করেন ২৫ রান। একাদশ ওভারে এসে দেন ৬ রান। এরপর আর বোলিং পাননি তিনি। দুই ওভার মিলিয়ে ডট খেলাতে পারেন কেবল একটি বল।
ইএসপিএনক্রিকইনফোর টাইমআউট শোয়ে সাবেক অলরাউন্ডার পাঠান বলেন, ভারুনকে বোলিংয়ে আনার ক্ষেত্রে রাহানের আরও কৌশলী হওয়া উচিত ছিল।
“বোলারদের আত্মবিশ্বাস পাওয়ার ক্ষেত্রে অধিনায়ক বড় ভূমিকা পালন করে। বোলারের যখন মনে হবে যে, সে এখন ভালো করতে পারবে এবং মোমেন্টাম পেয়েছে, তখন কি অধিনায়ক তাকে সমর্থন করে, এই পরিস্থিতিতে নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর এ কারণেই পাওয়ার প্লেতে তার বোলিং করা উচিত ছিল না। আপনি একজন বোলার হারাচ্ছেন, আপনিন জানেন সে আপনার তুরুপের তাস হতে পারে, যে আপনার ম্যাচ-উইনার হতে পারে, যে ছিল আপনার ম্যাচ উইনার।”
“অধিনায়ক হিসেবে আপনি তাকে কঠিন কাজ দিচ্ছেন। সে দিক থেকে আজিঙ্কা রাহানে দ্বিতীয়ভাগে সত্যিই ভালো করেছে। তবে প্রথমভাগে সে ভারুনকে পাওয়ার প্লেতে বোলিং করিয়ে আক্ষরিক অর্থেই তালগোল পাকিয়েছে।”
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগের ম্যাচেও পাওয়ার প্লেতে নিজের প্রথম ওভার করে ১৫ রান দেন ভারুন। শেষ পর্যন্ত চার ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।