২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

‘এই দলের কাছ থেকে পিসিবি কিছুই আশা করে না’

পাকিস্তানের বর্তমান দলের তীব্র সমালোচনা করে শোয়েব আখতার বললেন, বোর্ড সঠিক পথেই কাজ করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 07:48 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে লড়াই করার মানসিকতাই ছিল না বলে মনে করেন শোয়েব আখতার। দেশটির সাবেক এই ফাস্ট বোলারের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডই (পিসিবি) বর্তমান দলের বেশিরভাগ খেলোয়াড়ের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।

হেডিংলিতে ইনিংস ব্যবধানে ও লর্ডসে ১৯৪ রানের বড় পরাজয়ের পর পাকিস্তানের টেস্ট দল ও টিম ম্যানেজমেন্টে ব্যাপক পরিবর্তন আনে পিসিবি। তৃতীয় টেস্টর আগে সাত জন খেলোয়াড়কে বাদ দেওয়া দল থেকে। তাদের জায়গায় নেওয়া হয় সাত জনকে, এর মধ্যে পাঁচ জনই টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন।

এছাড়া প্রধান কোচ সারফারাজ আহমেদ ও বোলিং কোচ উমার গুলকে অব্যাহতি দেওয়া হয়। সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকে টেস্ট দলের কোচিং স্টাফে অন্তর্ভুক্ত করা হয়।

এসব সিদ্ধান্ত নিয়ে কদিন ধরেই প্রবল আলোচনা-সমালোচনা চলছে পাকিস্তান ক্রিকেটে। দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকেই ধুয়ে দিচ্ছেন বোর্ডকে। 

এই রদবদল নিয়ে নিজের অভিমত জানিয়েছেন শোয়েব। ‘আউটসাইড এজ’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, পিসিবির মনোযোগ ইতোমধ্যেই ভবিষ্যতের জন্য নতুন দল গড়ার দিকে সরে গেছে।

“পিসিবি এই খেলোয়াড়দের নিয়ে খুব হতাশ, তারা এই পাকিস্তান দলের কাছ থেকে কিছুই আশা করে না। পরিকল্পনা হলো এই দলকে সরিয়ে তাদের জায়গায় তরুণ, নতুন খেলোয়াড় আনা, এমন খেলোয়াড়, যারা শুধু পাকিস্তানের হয়ে খেলতে চায়। তারা এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে এবং সঠিক পথেই কাজ করছে।”

পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরার পাশাপাশি তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ক্যারিয়ারকে সুরক্ষিত করার দাবি জানান শোয়েব।

“এই পরিবর্তনের সময়ে আমি শুধু চাই শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ক্যারিয়ারকে সুরক্ষিত করা হোক। এই খেলোয়াড়দের এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে।”

পিসিবির বর্তমান ভাবনা সম্পর্কে বোর্ডের এক কর্মকর্তার সঙ্গে নিজের আলোচনার কথাও তুলে ধরেন শোয়েব। ইংল্যান্ড সফররত দলের কাছে পিসিবি কী প্রত্যাশা করে, তা জানতে চেয়েছিলেন তিনি। ওই কর্মকর্তা নাকি বলেছিলেন, “কিছুই না। আমরা পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের কাছ থেকে প্রত্যাশা করি, যাদের আমরা বড় মঞ্চের জন্য প্রস্তুত করছি।”

শোয়েবের দাবি, পাকিস্তান ক্রিকেট এখন ‘ভেন্টিলেটরে’ আছে বলেও মন্তব্য করেন বোর্ড কর্মকর্তা। ওই কর্মকর্তা নাকি মনে করছেন, জাতীয় দলের ঘুরে দাঁড়াতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।

পাকিস্তান দলকে ঘিরে তৈরি হওয়া অস্থিরতা অপ্রত্যাশিত ছিল কি না, এমন প্রশ্নে শোয়েব বলেন, “এতে অবাক হওয়ার কী আছে? আপনারা কি এমনটা আশা করেননি?” 

ইংল্যান্ডে প্রথম দুই টেস্টে পাকিস্তানের পরাজয় নিয়ে ৫১ বছর বয়সী শোয়েবের মূল্যায়ন, “আমাদের মধ্যে লড়াই করার মানসিকতাই ছিল না।”