২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়া সেই স্পিনার এবার আইপিএলে

১০ ম্যাচে ৬৯ উইকেট নিয়ে ইতিহাস গড়া ভারতীয় বাঁহাতি স্পিনার প্রথমবার সুযোগ পেলেন আইপিএলে।

রেকর্ড গড়া সেই স্পিনার এবার আইপিএলে
রাঞ্জিতে রেকর্ড গড়েছেন হার্শ দুবে। ছবি: বিসিসিআই ডমেস্টিক ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2025, 11:35 AM

Updated : 26 Aug 2026, 12:39 PM

বদলি হিসেবে আইপিএলে জায়গা পেয়েছিলেন রাভিচান্দ্রান স্মারান। এবার তারই বদলির প্রয়োজন পড়ছে! সানরাইজার্স হায়দরাবাদে ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানের বদলে সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী এক স্পিনার। সম্প্রতি রাঞ্জি ট্রফিতে ইতিহাস গড়া বাঁহাতি স্পিনার হার্শ দুবে প্রথমবার পেতে চলেছেন আইপিএলের স্বাদ।

অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পার বদলি হিসেবে হায়দরাবাদে ডাক পেয়েছিলেন স্মারান। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। মাঠে নামার আগেই চোট পেয়ে শেষ হয়ে গেল তার টুর্নামেন্ট। তার দুর্ভাগ্যই হার্শের জন্য এসেছে সৌভাগ্য হয়ে।

এবারের রাঞ্জি ট্রফিতে রেকর্ড গড়ে ভারতীয় ক্রিকেটে আলোড়ন তুলেছিলেন হার্শ। বিদার্ভার হয়ে ১০ ম্যাচে তার শিকার ছিল ৬৯ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন পাঁচবার, চার উইকেট তিনবার এবং ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন দুই দফায়। 

রাঞ্জি ট্রফিতে এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের রেকর্ড সেটি। বিহারের বাঁহাতি স্পিনার আশুতোষ আমানের ৬৮ উইকেট পেরিয়ে যান হার্শ। 

ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতেই হায়দরাবাদে যোগ দিলেন এই স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ ম্যাচে ৯৭ উইকেট হয়ে গেলেও সাদা বলের ক্রিকেটে তার পারফরম্যান্স এখনও পর্যন্ত খুব ভালো নয়। ২০টি লিস্ট ‘এ’ ম্যাচে তার উইকেট ২১টি, ১৬ টি-টোয়েন্টি খেলে শিকার ৯টি। 

তার ব্যাটের হাতও বেশ ভালো। প্রথম শ্রেনির ক্রিকেটে সাতটি ফিফটি করে ফেলেছেন, লিস্ট ‘এ’ ক্রিকেটে দুটি। 

এমন এক সময়ে হায়দরাবাদের যোগ দিলেন হার্শ, যখন গতবারের রানার্স আপ দলটির ছিটকে পড়া প্রায় নিশ্চিত। ১০ ম্যাচের স্রেফ তিনটি জিতেছে তার দল। পরের চার ম্যাচের সবকটি জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে প্রায় অসম্ভব এক সমীকরণে।