২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বসিস্টোকে আড়াল থেকে বিপিএলে আনার গল্প শোনালেন ইমরুল

মেলবোর্নে খেলার সময় বসিস্টোর ব্যাটিং দেখে মুগ্ধ হওয়া, মিচেল মার্শের অনুরোধ, পুরো প্রেক্ষাপট বিস্তারিত শোনালেন ইমরুল কায়েস।

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 04:03 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

তথ্যটি আগেই জানিয়েছিলেন খুলনা টাইগার্সের কোচ তালহা জুবায়ের। এবার পেছনের গল্পটি শোনালেন ইমরুল কায়েস। প্রায় চার বছরের আড়াল সরিয়ে উইলিয়াম বসিস্টো কীভাবে ক্রিকেটের মূল স্রোতে ফিরলেন এবং বিপিএল খেলতে এলেন, বিস্তারিত বললেন ইমরুল।

৩১ বছর বয়সে ক্রিকেটে নতুন পথচলা শুরু করেছেন বসিস্টো। এবারের বিপিএল দিয়ে স্বীকৃত ক্রিকেটে ফিরেছেন তিনি প্রায় চার বছর পর। এর আগে সবশেষ ম্যাচটি ছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবশেষ ম্যাচটি তিনি খেলেছিলেন ২০১৯ সালের জানুয়ারিতে বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সবশেষ ম্যাচ আরও দুই বছর আগে। 

বয়সভিত্তিক ক্রিকেটে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে সম্ভাবনাময় ব্যাটসম্যানদের একজন। ২০১২ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার নেতৃত্বে ফাইনালে খেলেছিল অস্ট্রেলিয়া। ফাইনালে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি, যদিও পরে উন্মুক্ত চাঁদের সেঞ্চুরিতে ম্যাচ জিতেছিল ভারত। তবে ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছিলেন বসিস্টো। বয়সের তুলনায় তিনি বেশি পরিণত বলে খবর হয়েছিল সংবাদমাধ্যমে। 

সেই যুব বিশ্বকাপে খেলা ট্রাভিস হেড এখন বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। সেই দলে খেলা অ্যাশটন অ্যাগার, অ্যাশটন টার্নার, কার্টিস প্যাটারসন, ক্যামেরন ব্যানক্রফটরা পরে নিজেদের ক্যারিয়ার এগিয়ে নেন প্রত্যাশার পথ ধরে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন দেশের। কিন্তু পথচ্যুত হয়ে পড়েন তাদের অধিনায়ক বসিস্টো।

ঘরোয়া ক্রিকেটে খুব ভালো করতে পারেননি। নিজ রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ছেড়ে পাড়ি জমান সাউথ অস্ট্রেলিয়ায়। সেখানেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ২০২১ সালে সেখানে চুক্তি থেকে বাদ পড়ার পর একদম আড়ালেই চলে যান এই পর্যায়ের ক্রিকেট থেকে।

দীর্ঘদিন পর তাকে আবার বিশ্ব ক্রিকেটের দৃশ্যপটে দেখা যায় গত মাসে নেপাল প্রিমিয়ার লিগে। সেখানে কার্নালি ইয়াকসের হয়ে ছয়টি ইনিংস খেলে দুটি ফিফটিতে ১৯৪ রান করেন ৩৮.৮৮ গড়ে। এরপর বিপিএলে প্রথম ম্যাচে অপরাজিত ৭৫ রান করে অবদান রাখেন দলের জয়ে।

সেই ম্যাচের পর খুলনার কোচ তালহা জুবায়ের সংবাদ সম্মেলনে জানান, ইমরুল কায়েসের কাছে বসিস্টোর নাম সুপারিশ করেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ। পরে বসিস্টোর ব্যাটিংয়ের ভিডিও দেখে তাকে মনে ধরে যায় খুলনা কোচের।

সিলেটে বৃহস্পতিবার খুলনার অনুশীলন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোরকে ইমরুল বলেন, মার্শ বলার আগেই বোসিস্টোকে মনে ধরে গিয়েছিল তার।

“মেলবোর্নের একটি টুর্নামেন্ট আমি খেলেছিলাম পার্থের একটি দলের সঙ্গে। সেখানেই বসিস্টোর ব্যাটিং দেখেছিলাম। দেখলাম, স্পিন খুব ভালো খেলছে ও। বিশেষ করে, সুইপ-রিভার্স সুইপ খেলছে খুব ভালো। ওকে দেখেই মনে হয়েছিল, বিপিএলে খেলানো যায়। পরে ওর সঙ্গে কথা বললাম। ও খুব মরিয়া হয়ে আমাকে বলেছিল, কোনো ব্যবস্থা করে দিতে পারি কি না।”

“পরে মিচেল মার্শও আমাকে ম্যাসেজ পাঠালো বসিস্টোর জন্য কিছু করতে পারি কি না। আমি খুলনা টাইগার্স ম্যানেজমেন্টকে বললাম যে, বাংলাদেশে খুব কাজে লাগতে পারে ওর ব্যাটিং। ওর কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তিন-চার বছর ভালো পর্যায়ের ক্রিকেটে খেলতে পারেনি। তবে এমনিতে খুব ভালো ব্যাটসম্যান ও।”

ইমরুল বয়স দুয়েক আগে থেকেই স্থায়ী বাসিন্দা হয়েছেন। নিয়মিতই যান সেখানে। ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং কোর্স করেছেন। সামনে সেখানে একটি একাডেমি পরিচালনা করার পরিকল্পনাও তার আছে, যেখানে সঙ্গী হবেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। মার্শের সঙ্গে ইমরুলের পরিচয় এভাবেই।

“অস্ট্রেলিয়ায় তো আমি বিভিন্ন টুর্নামেন্টে খেলি। সেখানেই মার্শের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। ওদের ব্যস্ততা না থাকলে মাঝেমধ্যে মাঠে আসে, দেখা হয় তখন।”

ইমরুল নিজে অবশ্য চোটের কারণে খুলনার প্রথম দুই ম্যাচে ছিলেন না। খুলনার পরের ম্যাচ শুক্রবার দুর্বার রাজশাহীর বিপক্ষে।