২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ, আরও বাড়ল পাকিস্তানের দুর্দশা

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তান দলের ভিন্ন অবস্থা ফুটে উঠেছে পরিসংখ্যানে।

অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ, আরও বাড়ল পাকিস্তানের দুর্দশা
পাকিস্তান ও বাংলাদেশ দল। ছবি: বিসিবি ও পিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 07:01 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

লাল বলের ক্রিকেটে যেন বিপরীতমুখী যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আরেকটি অসাধারণ সিরিজ খেলেছে বাংলাদেশ দল, আর তাতে পাকিস্তানিদের বাজে অবস্থা প্রকট হয়েছে আরও।

সিলেটে বুধবার প্রথম সেশনে শেষ হওয়া ম্যাচে ৭৮ রানে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ (২-০) করে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম টেস্টে তারা জিতেছিল শতরানের বেশি ব্যবধানে।

দীর্ঘ পরিসরের ক্রিকেটে যাত্রা শুরুর পর, অনেক বছর ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ দল অবশেষে যেন সাফল্যের পথ খুঁজে পেয়েছে। বিপরীতে, পাকিস্তান যেন এই সংস্করণে কক্ষচ্যুত হয়ে পড়েছে।

দুই দলের এই ভিন্ন অবস্থা ফুটে উঠেছে পরিসংখ্যানেও:

৪-০

পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুই সিরিজে চার টেস্টের সবগুলোয় জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালে তারা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়েছিল ২-০ ব্যবধানে, এবার ঘরের মাঠে এর পুনরাবৃত্তি করল।

টেস্ট ইতিহাসে কেবল দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানকে টানা দুই বা এর বেশি ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। ১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে পাকিস্তানকে টানা চার সিরিজে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে প্রথম দল হিসেবে টানা সিরিজে হোয়াইটওয়াশড হলো পাকিস্তান। এছাড়া একমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে টানা চারটি টেস্ট (২০১৩-১৪) জয়ের কীর্তি আছে বাংলাদেশের।  

১

নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম টানা চারটি ম্যাচ জিতল বাংলাদেশ। এই সিরিজের আগে তারা গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট জিতেছিল।

ঘরের মাঠে এই নিয়ে টানা পাঁচটি টেস্ট জিতল বাংলাদেশ, যা তাদের সবচেয়ে ধারাবাহিক সাফল্য।

৭

দেশের বাইরে সবশেষ সাত টেস্টেই হারল পাকিস্তান, যৌথভাবে এটা তাদের সবচেয়ে বাজে যাত্রা। ২০১৮ থেকে ২০২০ সময়েও ঘরের বাইরে টানা সাত টেস্ট হেরেছিল তারা।

২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত পাকিস্তানই একমাত্র দল, যারা এই সময়ে দেশের বাইরে একটিও টেস্ট জিততে পারেনি; দেশের বাইরে তাদের সবশেষ জয় ২০২৩ সালের জুলাইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে।

২

এই সিরিজে দুইবারই টস জিতে প্রথমে বোলিং নিয়ে হেরেছে পাকিস্তান। নিজেদের ইতিহাসে এবারই প্রথম তারা কোনো সিরিজে প্রথমে বোলিং নেওয়ার পর দুই ম্যাচে হারল।

সব দল মিলিয়ে, দুই ম্যাচের টেস্ট সিরিজে কোনো দলের দুইবারই প্রথমে বোলিং নেওয়ার পরও হারের ঘটনা ঘটল কেবল ষষ্ঠবারের মতো। 

এই সিরিজের আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে কেবল দুটি টেস্ট জিততে পেরেছিল বাংলাদেশ- ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ও ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে।

১২

পাকিস্তানের অধিনায়ক হিসেবে ১৬ টেস্টের ১২টিতে হারের স্বাদ পেলেন শান মাসুদ, দেশটির টেস্ট অধিনায়ক হিসেবে যা দ্বিতীয় সর্বোচ্চ। এই সংস্করণে দেশটির অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি হেরেছেন মিসবাহ-উল-হাক, ৫৬ ম্যাচে ১৯টি।

সব মিলিয়ে, অধিনায়ক হিসেবে নিজের প্রথম ১৬ টেস্টে মাসুদের চেয়ে বেশি হারের স্বাদ পেয়েছেন যৌথভাবে দুইজন- ব্রেন্ডন টেইলর ও সাকিব আল হাসান, ১৩টি করে।   

হাবিবুল বাশারের নেতৃত্বেও প্রথম ১৬ টেস্টের ১২টি হেরেছিল বাংলাদেশ। দেশটির সাবেক আরও দুই অধিনায়ক খালেদ মাসুদ অধিনায়ক হিসেবে ১২ টেস্টের সবগুলোয় হারের স্বাদ পান, আর মোহাম্মদ আশরাফুল ১৩ টেস্টের ১২টিতে হেরেছিলেন।

৮

টেস্ট অধিনায়ক হিসেবে অষ্টম জয় পেলেন নাজমুল হোসেন শান্ত, তাতে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সফলতম অধিনায়ক এখন তিনিই। দ্বিতীয় সর্বোচ্চ সাতটি জয় আছে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের।  

অধিনায়ক হিসেবে ঘরের মাঠে টেস্টে শান্তর এটা ষষ্ঠ জয়। এখানেও তিনি ছাড়িয়ে গেছে মুশফিককে, তার জয় পাঁচটি।  

৩

এই নিয়ে তৃতীয়বার টেস্ট ম্যাচে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করলেন লিটন কুমার দাস। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল ও শান্তরও এই কীর্তি আছে তিনবার করে। 

আর এই তিন ম্যাচেই লিটন ব্যাট করেছেন ছয় নম্বর কিংবা তারও নিচের পজিশনে এবং প্রতিবার উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি।

ধানাঞ্জয়া ডি সিলভা ও ম্যাট প্রায়রের একইরকম কীর্তি আছে তিন দফায় এবং ওই তিন ম্যাচেই তারা ব্যাট করেছিলেন ছয় নম্বর কিংবা তার নিচের পজিমনে। উইকেটরক্ষক হিসেবে টেস্ট ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি সর্বোচ্চ পাঁচবার করেছেন অ্যান্ডি ফ্লাওয়ার।

১৪

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরি মুশফিকুর রহিমের, তিনি ছাড়িয়ে গেছেন মুমিনুল হককে (১৩)।

৭

টেস্টে পঞ্চম বা এর নিচের উইকেটে লিটন ও মুশফিক সাতবার শতরানের জুটি গড়েছেন। এই তালিকায় তাদের ওপরে আছেন কেবল ইংল্যান্ডের জো রুট ও বেন স্টোকস। আর আসাদ শফিক ও মিসবাহর মধ্যেও এরকম সাতটি জুটি আছে।