২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের দলে জায়গা না পেয়ে যা বললেন শ্রেয়াস

ভারতীয় ক্রিকেটের তুমুল আলোচিত বিষয়টি নিয়ে অবশেষে জানা গেল শ্রেয়াস আইয়ারের নিজের প্রতিক্রিয়া।

এশিয়া কাপের দলে জায়গা না পেয়ে যা বললেন শ্রেয়াস
শ্রেয়াস আইয়ার। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 08:55 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

আইপিএলে অসাধারণ পারফর্ম করেও ভারতের এশিয়া কাপের দলে শ্রেয়াস আইয়ারের জায়গা না পাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। ভারতের সাবেক কোচ থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের অনেকে প্রশ্ন তোলেন নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে। অবশেষে পাওয়া গেল এই ব্যাটসম্যানের প্রতিক্রিয়া। তার কণ্ঠে হতাশার সুর যেমন মিশে রইল, তেমনি রইল নিজের কাজটা করে যাওয়ার প্রত্যয়।

গত জুনে শেষ হওয়া আইপিএলে চমকপ্রদ নেতৃত্ব আর ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন শ্রেয়াস। ১৭ ম্যাচে ৬০৪ রান করে তিনি ছিলেন দলের সর্বোচ্চ ও আসরের ষষ্ঠ সর্বোচ্চ স্কোরার। ব্যাটিং গড় ছিল ৫০.৩৩ ও স্ট্রাইক রেট ১৭৫.০৭।

তারপরও টি-টোয়েন্টি সংস্করণের এশিয়ার কাপের জন্য গত মাসে ঘোষিত ১৫ সদস্যের দলে শ্রেয়াসকে রাখেননি ভারতের নির্বাচকরা। পাঁচ জনের রিজার্ভ তালিকাতেও রাখা হয়নি ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানকে।

দল ঘোষণার সংবাদ সম্মেলনে ভারতের প্রধান নির্বাচক আজিত আগারকার বলেছিলেন, শ্রেয়াসের জন্য এই মুহূর্তে দলে জায়গা নেই। নির্বাচকদের সিদ্ধান্তটি নিয়ে ভারতীয় ক্রিকেটে রীতিমতো ঝড় বইয়ে যায়। বিস্ময় প্রকাশ করেন সাবেক ক্রিকেটারদের অনেকে।

‘আইকিউওও ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেলে রোববার প্রকাশিত আলাপে শ্রেয়াস বলেন, দলে ডাক না পাওয়ার হতাশা থাকলেও দলের প্রতি পুরো সমর্থনই তার আছে। শুধু নিজের কাজটা করে যেতে চান তিনি।

“এটা (দলে জায়গা না পাওয়া) তখনই হতাশাজনক যখন কেউ জানে যে, দলে, একাদশে থাকা তার প্রাপ্য। সেক্ষেত্রেই বিষয়টি হতাশাজনক। কিন্তু একই সঙ্গে যখন জানেন যে, কেউ পারফর্ম করছে এবং দলের জন্য ধারাবাহিকভাবে খেলছে ও তার সেরাটা দিচ্ছে, তখন তাকে সমর্থন করা উচিত। আর সবশেষে মূল লক্ষ্য হলো দলের জয়। যখন দল জেতে, তখন সবাই খুশি থাকে।”

“সুযোগ না পেলেও নিশ্চিত করতে হবে যে, নিজের কাজটি সৎ ভাবে করছেন। এমন নয় যে, শুধু তখনই কাজ করবেন, যখন কেউ দেখছে। যখন কেউ দেখছে না, তখনও নিজের কাজ চালিয়ে যেতে হবে।”

ভারতের হয়ে শ্রেয়াস সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর আর টেস্ট খেলার সুযোগ পাননি। ওয়ানডে দলের অবশ্য নিয়মিত সদস্য তিনি। ভারতের গত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে তার ছিল বড় অবদান। 

এই মাসে দেশের মাঠে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য তাকে অধিনায়ক করে শনিবার ঘোষণা করা হয় ভারত ‘এ’ দল।