অভিষেক হচ্ছে ওয়েনের, ছিটকে গেলেন শর্ট
এছাড়া কিছুদিন আগে স্কোয়াডে ডাক পাওয়া জেইক ফ্রেজার-ম্যাকগার্কও আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির একাদশে।
ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ে আলোড়ন তুলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েই একাদশে জায়গা করে নিলেন মিচেল ওয়েন। তাকে নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
দুই দলের পাঁচ টি-টোয়েন্টির সিরিজটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সোমবার সকালে, জ্যামাইকার স্যাবাইনা পার্কের ম্যাচ দিয়ে। আগের দিনই ম্যাচটির একাদশ ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া।
সিরিজ শুরুর আগের দিন একটি দুঃসংবাদও পেয়েছে সফরকারীরা। অনুশীলনের সময় সাইড স্ট্রেইনে চোট পেয়েছেন ম্যাথু শর্ট। যদিও তার চোট তেমন গুরুতর নয় বলে জানানো হয়েছে; কিন্তু এই সিরিজে তার খেলার সম্ভাবনা নেই। ইতোমধ্যে টপ অর্ডার এই ব্যাটসম্যানকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
গত বিগ ব্যাশে ঝড়ো দুটি সেঞ্চুরি করে তুমুল আলোড়ন তোলেন ওয়েন। আসরে ২০৩.৬০ স্ট্রাইক রেটে করেন ৪৫২ রান। পরে পিএসএল ও আইপিএলে সুযোগ পেলেও অবশ্য তেমন ভালো করতে পারেননি ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।
কিন্তু তার প্রতিভায় আস্থা রেখেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তাকে রাখে তারা। এবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৮টি ম্যাচ খেলে ১৮৬.৪০ স্ট্রাইক রেটে ৯৬০ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান।
পেসার স্পেন্সার জনসনের জায়গায় স্কোয়াডে ডাক পাওয়া বিধ্বংসী ব্যাটসম্যান জেইক ফ্রেজার-ম্যাকগার্ক আছেন ম্যাচের একাদশে।
এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া।
প্রথম টি-টোয়েন্টির অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, জশ ইংলিস, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, কুপার কনোলি, বেন ডোয়ার্শিস, শন অ্যাবট, ন্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা।
