২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ বলের ফিফটিতে উর্ভিলের রেকর্ড

আইপিএলের ইতিহাসে উর্ভিল প্যাটেলের চেয়ে কম বলে পঞ্চাশ ছুঁতে পারেননি আর কেউ।

১৩ বলের ফিফটিতে উর্ভিলের রেকর্ড
ফিফটির পর উর্ভিল প্যাটেল। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 07:26 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

প্রথম বলে এক রান। পরের পাঁচ বলে পাঁচ ছক্কা। পরের দুই বলে চার ও ছক্কা। অবিশ্বাস্য দ্রুততায় আট বলে ৪১ রানে পৌঁছে গেলেন উর্ভিল প্যাটেল। পঞ্চাশ ছুঁতেও বেশি সময় নিলেন না তিনি। খুনে ব্যাটিংয়ে রেকর্ড বইয়ে নাম লেখালেন ভারতীয় ব্যাটসম্যান।

চেন্নাই সুপার কিংসের হয়ে রোববার লখনৌ সুপার জায়ান্টাসের বিপক্ষে রান তাড়ায় ১৩ বলে ফিফটি পূর্ণ করেন উর্ভিল। আইপিএলের দেড় যুগের পথচলায় তার চেয়ে কম বলে পঞ্চাশ ছুঁতে পারেননি আর কেউ। যৌথভাবে দ্রুততম ফিফটি এটি।

২০২৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে ১৩ বলে ফিফটি করেছিলেন ইয়াশাসভি জয়সওয়ালও।

চেন্নাইয়ে ২০৪ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ ওভারে সাঞ্জু স্যামসনের বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন উর্ভিল। স্পিনার দিগ্বেশ রাঠির বল মিড-অফের দিকে ঠেলে দ্রুততায় সিঙ্গল নিয়ে প্রথম রানের দেখা পান তিনি।

পঞ্চম ওভারে তিনি টানা তিনটি ছক্কা মারেন আভেশ খানকে। ষষ্ঠ ওভারে দিগ্বেশের টানা চার বলে মারেন ছক্কা, ছক্কা, চার ও ছক্কা। এর তৃতীয় ছক্কাটি ছিল ৯৮ মিটার।

পরের বলে তিনি নেন এক রান। পরের ওভারে মোহাম্মদ শামির প্রথম বলে রান নিতে পারেননি। ইনিংসে তার প্রথম ‘ডট’ বল এটি। অবশ্য পরের বলেই ছক্কা হাঁকান আরেকটি। 

তার রান তখন ১১ বলে ৪৮, আইপিএলে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়ার হাতছানি। কিন্তু সেটা তিনি পারেননি। পরের দুই বলে এক রান করে নিয়ে যৌথভাবে দ্রুততম পঞ্চাশ পূর্ণ করেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। 

পঞ্চাশ ছোঁয়ার পরের দুই বলে তিনি মারেন চার ও ছক্কা। আইপিএলের ইতিহাসে ক্রিস গেইলের দ্রুততম ৩০ বলে সেঞ্চুরির রেকর্ড তিনি ভাঙতে পারেন কি না, সেই আলোচনাও শুরু হয়ে যায়।

কিন্তু ৬২ রানে একবার জীবন পেয়েও ৬৫ রানে ক্যাচ দিয়ে আউট হয়ে যান উর্ভিল। ২৩ বলের ইনিংসটি গড়া ৮ ছক্কা ও ২ চারে।

আইপিএলে উর্ভিলের দ্বিতীয় আসর এটি। ২০২৩ সালের নিলামে তাকে ২০ লাখ রুপিতে কিনেছিল গুজরাট টাইটান্স। কিন্তু দলটির হয়ে খেলার সুযোগ পাননি, পরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

২০২৫ আইপিএলের মাঝপথে তিনি চেন্নাই দলে ডাক পান ভানশ বেদির বদলি হিসেবে। সেবার তিন ম্যাচ খেলে করতে পারেন ৬৮ রান। সর্বোচ্চ ৩৭।

এবারের আসরে চেন্নাইয়ের প্রথম দিকের ম্যাচগুলোয় খেলার সুযোগ পাননি তিনি। পরে তিন ম্যাচে সুযোগ পেয়ে ৪৫ রানের বেশি করতে পারেননি। অবশেষে চতুর্থ ম্যাচে এসে ঝড় তুলে গড়লেন রেকর্ড।

ভারতের ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে উর্ভিলের পরিচিতি আছে যদিও আগে থেকেই।  

২০২৩ সালে পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফিতে তিনি সেঞ্চুরি করেন ৪১ বলে, তখন যা ছিল লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি।

টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ২০২৪ সালে তিনি শতক করেন ২৮ বলে। বিশ ওভারের ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ও সব মিলিয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হিসেবে যা টিকে আছে এখনও। ওই টুর্নামেন্টেই ২০২৫ সালে আরেকটি সেঞ্চুরি করেন তিনি ৩১ বলে।

এবার আইপিএলেও দেখা গেল তার ব্যাটের ঝলক।