১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমসে ভারতের প্রধান কোচ লক্ষ্নণ

ওই সময়ে ওয়ানডে সিরিজ থাকায় জাপানে আলাদা কোচিং স্টাফ পাঠাবে ভারত।

এশিয়ান গেমসে ভারতের প্রধান কোচ লক্ষ্নণ
ভিভিএস লক্ষ্নণ (বাঁয়ে) ও হৃষীকেশ কানিতকার। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 09:13 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

একই সময়ে চলবে এশিয়ান গেমস ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তাই আলাদা কোচিং গ্রুপ প্রয়োজন হচ্ছে ভারতের। এশিয়ান গেমসে দেশটির পুরুষ দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন ব্যাটিং গ্রেট ভিভিএস লক্ষ্নণ।

তার সঙ্গে কোচিং স্টাফে থাকবেন সুনীল জোশি, হৃষীকেশ কানিতকার ও নতুন ফিল্ডিং কোচ সুভাদিপ ঘোষ। 

ভারতের নারী দলের সঙ্গে থাকছেন নিয়মিত কোচিং প্যানেলই। প্রধান কোচ আমল মুজুমদারের সঙ্গে থাকবেন বোলিং কোচ আভিস্কার সালভি ও ফিল্ডিং কোচ মুনিশ বালি। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ইভেন্টে অংশ নেবে ১০টি দল। আর নারীদের ক্রিকেট ইভেন্টে লড়বে আটটি দল। প্রতিযোগিতাটি হবে টি-টোয়েন্টি সংস্করণে।

আগামী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মেয়েদের ক্রিকেট ইভেন্ট। আর ছেলেদের মাঠের লড়াই শুরু হবে ২৪ সেপ্টেম্বর, শেষ হবে ৩ অক্টোবর।

সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে ভারত। তাই ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাদের অভিযান। আর ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৭ সেপ্টেম্বর। পরের দুই ম্যাচে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর।

গৌতাম গাম্ভিরের নেতৃত্বাধীন কোচিং স্টাফ থাকবে ভারতের ওয়ানডে দলের সঙ্গে।

২০২৪ সালের এশিয়ান গেমসেও ভারতের কোচিং গ্রুপের অংশ ছিলেন লক্ষ্নণ। সেবার সোনা জিতেছিল ভারত। এ বছরের শুরুতে জিম্বাবুয়ে সফরে ভারতের টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেন তিনি। ২০২২ সাল থেকে ভারতের একাধিক সিরিজ ও সফরে দায়িত্ব সামলেছেন সাবেক এই ব্যাটসম্যান।

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতের পুরুষ টি-টোয়েন্টি দল এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে। শ্রেয়াসের ডেপুটির দায়িত্বে থাকবেন তিলাক ভার্মা। পাশাপাশি দলে রাখা হয়েছে অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ ও ব্যাটিং বিস্ময় বৈভাব সুরিয়াভানশিকে।

২০২৪ সালের এশিয়ান গেমসের সোনাজয়ী ভারত নারী দলেও থাকছেন নিয়মিত ক্রিকেটাররা। দলটির অধিনায়ক হারমানপ্রিত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।