২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌমাছির আক্রমণে বিপর্যস্ত ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেট

বিকেএসপিতে শনিবার চার দফায় মৌমাছির আক্রমণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে এনেও ম্যাচ শেষ করা যায়নি, এবারের দ্বিতীয় বিভাগ লিগে এমন ঘটনা দেখা গেছে আগেও।

মৌমাছির আক্রমণে বিপর্যস্ত ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেট
কোনো ঝাড়ফুঁকের দৃশ্য নয়, আক্রান্ত আম্পায়ারকে মৌমাছিমুক্ত করার চেষ্টা এটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2025, 08:05 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

দুই কানে হাতে দিয়ে মাটিতে উবু হয়ে শুয়ে আছেন একজন। আরেকজন লাঠির মাথায় আগুন ধরিয়ে ধোঁয়া ছড়িয়ে ঘুরছেন তার চারপাশে। দেখে মনে হতে পারে, কোনো ওঝা বুঝি ঝাড়ফুঁক দিচ্ছেন কাউকে। আদতে শুয়ে থাকা মানুষটি একজন ক্রিকেট আম্পায়ার। মৌমাছির কামড় খেয়ে খেলা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তিনি। ধোঁয়া ছড়িয়ে তার শরীর থেকে মৌমাছি ছাড়ানোর চেষ্টা তলছে তখন!

ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে গত ৮ ডিসেম্বরের ঘটনা এটি। কেরানীগঞ্জের বেহারা তেঘরিয়া ক্রিকেট মাঠে ঢাকা মেরিনার ইয়াং ক্লাব ও গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাবের ম্যাচে মৌমাছির আক্রমণে এভাবেই আহত হন আম্পায়ার আরিফুর রহমান সুজন। সেটিই শেষ হয়। গত এক মাসে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে মৌমাছির আক্রমণে খেলা ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে আরও। এমনকি এক ক্রিকেটারকে হাসপাতালেও নিতে হয়েছিল। সবশেষ শনিবার বিকেএসপিতে চার দফায় মৌমাছির আক্রমণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়েও শেষ করা যায়নি খেলা।

বিকেএসপির চার নম্বর মাঠে শনিবার মুখোমুখি হয়েছিল ঢাকা ক্রিকেট একাডেমি ও গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাব। ম্যাচটি শুরু হয় সময়মতোই। বৃষ্টি, কুয়াশা বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনাও ঘটেনি। তার পরও এক দলের ইনিংস শেষ হয় ৩৭ ওভারে, আরেক দলের ইনিংস থেমে যায় ২১ ওভারে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সেটির কারণ ব্যাখ্যা করলেন ম্যাচ রেফারি সৈয়দ মাহবুবউল্লাহ।

“চার দফায় মৌমাছি আক্রমণ করেছে। মাঠে তো বটেই, আমার রুমে পর্যন্ত চলে এসেছে মৌমাছি। আম্পায়ারদের আক্রমণ করেছে, ক্রিকেটারদের করেছে। কেউ কেউ টুকটাক কামড়ও খেয়েছে। সোয়েটার থাকায় রক্ষা, ঠিকভাবে হুল ফোটাতে পারেনি মৌমাছি।”

“খেলা যখন ১৪ ওভার হয়েছে, তখন প্রথম দফায় আক্রমণ করে। এরপর দফায় দফায় খেলা বন্ধ করতে হয় মৌমাছির কারণে। লাঞ্চের সময় তো খুব বাজে অবস্থা ছিল। এমনকি বাইরে থেকে পিকনিক করতে এসেছিল যারা, তাদের অনেকেও কামড় খেয়েছে। চার নম্বর মাঠের পাশে কোনো জায়গা থেকে মৌমাছি আক্রমণ করেছে, পাশে তিন নম্বর মাঠেও চলে গিয়েছিল।”

মৌমাছির আক্রমণে সব মিলিয়ে কত সময় খেলা বন্ধ রাখতে হয়েছে, কাগজপত্র না দেখে তা জানাতে পারেননি ম্যাচ রেফারি। খেলা শেষ করতে না পারায় শেষ পর্যন্ত ভিজেডি পদ্ধতিতে (ডাকওয়ার্থ-লুইস-স্টার্নের বিকল্প আরেকটি পদ্ধতি) খেলার ফল ঘোষণা করতে হয়।

এই ম্যাচে বড় আকারে আক্রমণ হয়েছে, তবে এটিই প্রথম নয়। চলতি লিগে বিকেএসপিতে এভাবে মৌমাছির আক্রমণের ঘটনা ঘটেছে আগেও। এ দিনের ঘটনার পর ম্যাচ রেফারি অবশ্য জানালেন, মৌমাছির চাক সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে।

“আসলে বিকেএসপি তো সংরক্ষিত এলাকা, সবসময় সবকিছু করা যায় না। এখানে গাছপালাও অনেক বেশি। কোন গাছে কখন মৌমাছির চাক হচ্ছে, খেয়াল রাখাও কঠিন। তবে আজকে বিসিবির পক্ষ থেকে মৌমাছি সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আগুন দিয়ে মৌমাছি সরাচ্ছে লোকজন। ফেরার সময়ও দেখে এলাম কাজ চলছে।”

কেরানীগঞ্জের তেঘরিয়া মাঠে কয়েকটি ম্যাচে মৌমাছির আক্রমণের ঘটনা ঘটেছে। সবশেষ গত ২৫ ডিসেম্বর বনানী ক্রিকেট ক্লাব ও ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের ম্যাচেও মৌমাছির আক্রমণ করে। সেদিন অনেকেই কামড় খান। 

২৩ ডিসেম্বর একই ঘটনা ঘটে আরেক মাঠ পিকেএসপিতে। সেদিন বারিধারা ডাজলার্সের ক্রিকেটার আব্দুল রানা বাজেভাবে মৌমাছির আক্রমণের শিকার হন।

শুরুতে উল্লেখ করা ঘটনায় আম্পায়ার আরিফুর রহমান সুজনকে হাসপাতালে নিতে হয়। দুঃসহ সেই অভিজ্ঞতার কথা ফোনে শোনালেন এই আম্পায়ার।

“আমি আম্পায়ারিং করছিলাম। হঠাৎ একটি মৌমাছি এসে থুতনিকে কামড় দেয়। একটু পর শতশত মৌমাছি উড়ে আসে। আমরা ক্রিকেটার, আম্পায়ার সবাই মাঠে শুয়ে পড়ি। অনেকেই একটু-আধটু কামড় খান। আমার ওপর আক্রমণ বেশি হয়। একটা মৌমাছি কানে ঢোকার চেষ্টা করছিল। এজন্য আমি কান আটকে শুয়ে থাকি। শরীরের যে জায়গাগুলো আবৃত ছিল না, সেখানে কামড় বসায় মৌমাছিরা। আমার মনে হয়, একশ-দেড়শ মৌমাছি আমার ওপর হামলে পড়ে। শরীরে কামড় ছিল ৩০-৩৫টি।”

“হাসপাতালে নেওয়ার পর আমাকে দুটি ইনজেকশন দেওয়া হয়। সাত দিন আর ১৫ দিনের আলাদা দুটি ওষুধ দেওয়া হয়। প্রচণ্ড জ্বরও হয়েছিল সেই রাতে। পরে ঠিক হয়ে যায়।”

মৌমাছির আক্রমণের আরও ঘটনার কথা শোনা গেল তার কাছ থেকেই।

“বিকেএসপি, পিকেএসপি আর তেঘরিয়া, এই তিনটি মাঠে আক্রমণের কথা আমি জানি। আমার ঘটনার পরও তেঘরিয়াতে হয়েছে এরকম। তেঘরিয়াকে আগুন দিয়ে চাক সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরও আক্রমণ হয়েছে বলে শুনেছি। আমি সেদিনের পর ওই মাঠে আর ম্যাচ পরিচালনা করিনি।”

“এখানে তো আসলে কারও কিছু করার নেই, কেন যে বারবার এরকম আক্রমণ করছে। হয়তো কেউ মৌমাছির চাকে কিছু করছে বা উত্যক্ত করছে। এজন্য তারা মাঠে ছড়িয়ে পড়ছে…।”